স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে গাড়ি বিক্রি করলেন প্রাণ রায়
স্ট্রোকের পর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলী। বর্তমানে তিনি ভর্তি আছেন সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এ।
গত বছরের অক্টোবরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তিনি স্ট্রোক করেছেন। টানা দুই মাস চিকিৎসার পর বাসায় ফিরলেও চলতি মাসের ১ ফেব্রুয়ারি আবারও শারীরিক জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।
কাকলীর স্বামী, অভিনেতা প্রাণ রায় জানান, প্রতিদিন তার চিকিৎসায় প্রায় আট হাজার টাকার বেশি খরচ হচ্ছে। নিয়মিত তিনটি থেরাপি চলছে। স্ট্রোকের প্রভাবে কাকলীর মুখের একাংশ বাঁকা হয়ে গেছে এবং এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। তবে আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে—এখন নিজ হাতে খেতে পারছেন, সহায়তায় বসতেও পারছেন।
স্ত্রীর চিকিৎসার ব্যয় মেটাতে নিজের শখের প্রাইভেট কার বিক্রি করে দিয়েছেন প্রাণ রায়। নিজের কাজও প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক চাপ আরও বেড়েছে বলে জানান তিনি।
চিকিৎসা ব্যয়ে পরিবার ও বন্ধুদের সহযোগিতা পাচ্ছেন উল্লেখ করে প্রয়োজনে সরকারি সহায়তা চাওয়ার কথাও ভাবছেন এই অভিনেতা।
এদিকে অভিনয় শিল্পী সংঘ কাকলীর পাশে দাঁড়ালেও পরিচালক সমিতির পক্ষ থেকে তেমন সাড়া মেলেনি বলে অভিযোগ করেছেন প্রাণ রায়।
স্ট্রোকের সঙ্গে লড়াইয়ে দিন গুনছেন এক নির্মাতা, আর তার পাশে দাঁড়িয়ে প্রতিদিন নতুন করে লড়ছেন একজন স্বামী।

বিনোদন ডেস্ক