তারকায় ভরা ‘বনলতা এক্সপ্রেস’ ছুটছে ঈদে, প্রকাশ্যে প্রথম পোস্টার
দীর্ঘ প্রতীক্ষার অবসান। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এর অফিশিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। আজ সন্ধ্যায় হইচই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে পোস্টারটি উন্মোচন করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে প্রকাশ করা হবে টিজার, ট্রেলার ও নির্মাণে ব্যবহৃত গান।
জনপ্রিয় কথাশিল্পী হুমায়ূন আহমেদ-এর উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ আসছে ঈদে সারা দেশের প্রেক্ষাগৃহে। আন্তর্জাতিক মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল।
নির্মাতা তানিম নূর বলেন, ‘ট্রেন যেমন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে, বনলতা এক্সপ্রেসও তেমনি হৃদয়ের গল্পগুলোকে এক বিন্দুতে মেলাবে। প্রতিটি বগির ভেতরে লুকিয়ে থাকা মানুষের হাসি-কান্না আর সম্পর্কের চেনা মায়াই এই নির্মাণের প্রাণ। আমরা চেয়েছি পুরো বাংলাদেশকে একটি ট্রেনযাত্রা ও অভিন্ন অনুভূতির সুতোয় গেঁথে দিতে।’
প্রকাশিত পোস্টারে ফুটে উঠেছে নস্টালজিক স্টেশনের আবহ। কেন্দ্রে রয়েছে ধাবমান একটি ট্রেন, নীল-হলুদ আলোছায়ায় ঘেরা। পাশাপাশি একদল অভিনয়শিল্পীর মুখাবয়ব মিলিয়ে তৈরি হয়েছে রহস্য ও আবেগের মিশ্র এক পরিবেশ।
ইউসিবি নিবেদিত এই নির্মাণের প্রযোজনায় রয়েছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস। সার্বিক সহযোগিতায় রয়েছে ডোপ।

বিনোদন ডেস্ক