৭ বছর ধরে নির্মাণ, ‘জ্যাজ সিটি’কে নিজের সৃষ্টির সেরা কাজ বলছেন সৌমিক সেন
আলোচিত সিরিজ ‘জুবিলি’র সহ-স্রষ্টা হিসেবে বলিউডে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন পরিচালক ও চিত্রনাট্যকার সৌমিক সেন। ইমরান হাশমিকে নিয়ে ‘গুলাব গ্যাং’ নির্মাণ করে তিনি দর্শকের নজর কাড়েন। ‘গুলাব গ্যাং’ ও ‘মহালয়া’ পর দীর্ঘ সময় নতুন কোনো কাজ নিয়ে সামনে আসেননি এই নির্মাতা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল—কী নিয়ে ব্যস্ত ছিলেন তিনি? সেই অপেক্ষার উত্তর এখন ‘জ্যাজ সিটি’। এই সিরিরজ নির্মাণে প্রায় ৭ বছর সময় দিয়েছেন বলে জানিয়েছেন সৌমিক সেন।
দ্য টেলিগ্রাফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমিক সেন জানিয়েছেন, ‘জুবিলি’ (যেটি আমি সহ-লেখক হিসেবে লিখেছিলাম) বানাতেও সাত বছর সময় লেগেছিল। আসলে আমি কিশোর কুমারের জীবনী নিয়ে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু সেটা করতে পারিনি। তখনই ‘জুবিলি’ তৈরি করি। একজন শিল্পী হিসেবে আপনি মূলত নিজের সঙ্গেই প্রতিযোগিতা করেন। আমি নিজেকে প্রশ্ন করেছিলাম—‘আমি কি জুবিলিকে ছাড়িয়ে যেতে পারব?’ সেই প্রশ্ন থেকেই ‘জ্যাজ সিটি’।
সৌমিক সেন আরও বলেন, ‘আমি খুব সাহসের সঙ্গে বলতে পারি—“জ্যাজ সিটি” আমার সৃজনশীল জীবনের শীর্ষ কাজ। এর মতো কিছু হয়তো আর কখনও বানাতে পারব না। আমরা অনেক সময় যে কাজ করি, সেটাকে প্রথম কাজের মতোই দেখি, আবার শেষ কাজের মতোও দেখি। যদি “জ্যাজ সিটি”ই আমার শেষ কাজ হয়, তাতেও আমি সন্তুষ্ট থাকব। এই কাজের জন্য অনেক গবেষণা ও পড়াশোনা করেছি। ইতিহাসকে বিনোদনের সঙ্গে মিলিয়ে দেওয়া সহজ নয়। তবে আমার বিশ্বাস, “জ্যাজ সিটি”-তে আমরা সেটা ভালোভাবেই করতে পেরেছি।’
সনি লিভে রাজনৈতিক থ্রিলার ‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে আগামী ১৯ মার্চ। হিন্দি ও ইংরেজি ভাষার পাশাপাশি এবারই প্রথম বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে প্ল্যাটফর্মটির কোনো সিরিজ। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ। তাকে দেখা যাবে ‘জিমি রায়’ চরিত্রে—গল্পের প্রাণকেন্দ্রে।
জানা গেছে, নিজের প্রথম বলিউড প্রজেক্ট ‘জ্যাজ সিটি’-তে আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজিতে।
এই সিরিজে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরাসেনী মৈত্র। এছাড়াও শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতাফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহাসহ বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত মুখকে দেখা যাবে এই সিরিজে। নির্মাতাদের মতে, ১৯৭১ সালের প্রেক্ষাপটে সঙ্গীত, রাজনীতি ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন মিলিয়ে এগিয়ে যাবে ‘জ্যাজ সিটি’র গল্প।

বিনোদন ডেস্ক