আইসিইউতে তানজীব সারোয়ার, আত্মহত্যার চেষ্টা করেছিলেন গায়ক?
বৃহস্পতিবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সংগীতশিল্পী তানজীব সারোয়ারকে নিয়ে একটি খবর। সেখানে দাবি করা হয়, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি এবং আইসিইউতে ভর্তি রয়েছেন। কয়েকটি পেজ থেকেও একই ধরনের তথ্য প্রচার করা হয়। তবে বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন গায়কের স্ত্রী সাবা সানজিদা রহমান।
গায়কের ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে সাবা সানজিদা রহমান জানান, আত্মহত্যার চেষ্টার খবরটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। তার ভাষ্য, উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে তানজীব সারোয়ারকে।
তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। উচ্চ রক্তচাপের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।’
সাবা সানজিদা রহমান আরও জানান, তানজীবের আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ১২ মার্চ মধ্যরাতে হঠাৎ তা বেড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে বিভ্রান্তিকর উল্লেখ করে তিনি বলেন, ‘যেকোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’
‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’ গান গেয়ে পরিচিতি পান গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তানজীব সারোয়ার। ২০১১ সালে সংগীতাঙ্গনে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। একই বছর প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’।
এরপর ২০১৪ সালে ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে ‘হৃদমোহিনী’ নামে আরও দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়। ২০২৩ সালে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’-এর ‘গা ছুঁয়ে বলো’ গানের মাধ্যমে প্লেব্যাকে অভিষেক ঘটে তার।

বিনোদন ডেস্ক