ঈদের সিনেমা দিয়ে কুমিল্লায় চালু হচ্ছে নতুন সিনেপ্লেক্স ‘কে স্ক্রিন’
সারা দেশে একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হওয়ার খবরে যখন চলচ্চিত্র অঙ্গন হতাশ, ঠিক তখনই নতুন প্রেক্ষাগৃহের খবর দিচ্ছে কুমিল্লা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার গোমতী টাওয়ারে চালু হচ্ছে নতুন সিনেপ্লেক্স ‘কে স্ক্রিন’।
গোমতী টাওয়ারের সপ্তম তলায় বিস্তৃত জায়গাজুড়ে তৈরি করা হয়েছে এই সিনেপ্লেক্স। দর্শকদের জন্য থাকছে কফিশপ, পপকর্ন ও আইসক্রিমের ব্যবস্থা।
সবকিছু ঠিক থাকলে ঈদে কয়েকটি নতুন ছবি প্রদর্শনের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে ‘কে স্ক্রিন’। এর মধ্যে রয়েছে শাকিব খানের ‘প্রিন্স’, আফরান নিশোর ‘দম’, সিয়ামের ‘রাক্ষস’, রায়হান রাফির ‘প্রেশার কুকার’ এবং তামিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। পাশাপাশি সময় সময় গুণী নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের স্মরণে তাদের উল্লেখযোগ্য কাজের প্রদর্শনীর আয়োজনও করা হবে। দর্শকেরা এখানে বাছাই করা হলিউড, বলিউড ও ত্রি-মাত্রিক ছবিও দেখতে পারবেন।
জানা গেছে, এই সিনেপ্লেক্সে ফোর-কে সিলভারস্ক্রিন প্রযুক্তির পাশাপাশি থাকছে ৫.১ ডলবি ডিজিটাল অডিও সিস্টেম ও ত্রি-মাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা।
সিনেপ্লেক্সটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু বলেন, ‘বর্তমান সময়ে অনেক দর্শক নিরাপত্তা ও পরিবেশজনিত কারণে প্রচলিত প্রেক্ষাগৃহে যেতে আগ্রহী হন না। দর্শকদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখেই “কে স্ক্রিন” চালু করা হচ্ছে।’ তিনি জানান, এখানে দুটি হল থাকছে—একটির আসনসংখ্যা ২২৫ এবং অন্যটির ১৯৫।
‘কে স্ক্রিন’-এর পরিচালক ও প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘কুমিল্লার দর্শকদের জন্য “কে স্ক্রিন” ঈদের উপহার। অনেকদিন ধরেই এখানে আধুনিক সিনেপ্লেক্সের চাহিদা ছিল। উন্নত স্ক্রিন, সাউন্ড সিস্টেম ও নান্দনিক পরিবেশ দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।’
তিনি আরও জানান, কুমিল্লায় দুটি হল দিয়ে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে দেশের বিভিন্ন স্থানে আরও ২৫টি শাখা চালুর পরিকল্পনা রয়েছে। আগামী কোরবানির ঈদের পর ধাপে ধাপে নতুন সিনেপ্লেক্স নির্মাণের কাজ শুরু হতে পারে।

বিনোদন ডেস্ক