‘দম’ দেখে দর্শক ঠকবে না
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন-ড্রামা ঘরানার ছবি ‘দম’ ঘিরে মুক্তির আগেই তৈরি হয়েছে দর্শকদের আগ্রহ। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে আসে আফরান নিশো ও পূজা চেরি অভিনীত এই ছবি। নির্মাণশৈলী, লোকেশন ও গল্পের আভাস নিয়ে নানা মন্তব্যে সরব হয়ে ওঠে অনলাইন দুনিয়া।
টিজারের পর এবার প্রকাশ পেল ছবিটির ট্রেলার। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এক আয়োজনে ট্রেলারটি উন্মুক্ত করা হয়। ক্যাপশনে উঠে আসে— জন্ম-মৃত্যুর সন্ধিক্ষণে দম ধরে রাখা যেমন কষ্ট, ছেড়ে দেওয়া আরও কষ্ট। সেই সূত্র ধরেই ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা আসে ‘দম’-এর।
ট্রেলারে দেখা যায়, নানা প্রতিকূলতার ভেতর দিয়ে এগিয়ে চলা এক প্রবাসীর সংগ্রামের গল্প। আফরান নিশো-র চরিত্রে সেই লড়াই যেমন সামনে আসে, তেমনি বিরহের আবহে ধরা দেন পূজা চেরি। অন্যদিকে রহস্যময় উপস্থিতিতে নজর কাড়েন চঞ্চল চৌধুরী। জন্মের পর থেকেই ‘দম’ ধরে রাখার এই প্রতীকী লড়াইকে বিভিন্ন দৃশ্যে তুলে ধরা হয়েছে।
ট্রেলার দেখেই অনেক দর্শকের মন্তব্য— ঈদে ‘দম’ থামানো যাবে না, বরং এটি হতে পারে উৎসবের অন্যতম আলোচিত ছবি।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘একটি গল্প পড়েই এই কাজের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল। সেখান থেকেই ‘দম’-এর যাত্রা। একজন মানুষের মানসিক শক্তি কতটা হতে পারে, সেটাই দেখাতে চেয়েছি। পুরো টিম অনেক পরিশ্রম করেছে।’
প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, ‘পরিবার নিয়ে দেখার মতো একটি ছবি এটি। লোকেশন নিয়ে কিছু চ্যালেঞ্জ ছিল, তবে শেষ পর্যন্ত কাজটি ঠিকভাবে সম্পন্ন হয়েছে।’
ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আফরান নিশো। তিনি বলেন, ‘এই কাজটির জন্য আমরা অনেক সময় দিয়েছি। গল্প নিয়ে বারবার বসেছি। দর্শকরা ছবি দেখে ঠকবেন না—এই বিশ্বাস আছে।’
অভিনেত্রী পূজা চেরি বলেন, ‘দর্শকরা দেখতে বাধ্য হবেন—এটি একটি দমদার কাজ। সহশিল্পীদের সহযোগিতা এই কাজটিকে আরও এগিয়ে নিয়েছে।’
ছবিটি নিয়ে শুরু থেকেই কৌতূহল ছিল দর্শকদের মধ্যে। বিশেষ করে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় রেদওয়ান রনি-র প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরী-র একসঙ্গে কাজ—এই দুটি বিষয় আলাদা করে আলোচনায় এসেছে।
এছাড়া ছবির আরেকটি আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। দীর্ঘ সময় পর নিজের গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’ গানটি নতুন সংগীতায়োজনে পুনরায় উপস্থাপন করেছেন তিনি।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি প্রযোজিত ‘দম’ ইতোমধ্যে সর্বসাধারণের প্রদর্শনের জন্য উপযোগী সনদ পেয়েছে। দেশের বাইরে কাজাখস্তানেও ছবিটির শুটিং হয়েছে, যেখানে প্রতিকূল আবহাওয়ায় টানা কাজ করেছেন শিল্পীরা।
সব মিলিয়ে, ঈদুল ফিতরে মুক্তির আগেই ‘দম’ ঘিরে তৈরি হয়েছে প্রত্যাশা। এখন দেখার, পর্দায় সেই প্রত্যাশার কতটা প্রতিফলন ঘটে।

বিনোদন ডেস্ক