যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পাচ্ছে ‘দম’
ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমাটি পা রাখছে আন্তর্জাতিক অঙ্গনে। ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সাতটি শহরে মুক্তি পাচ্ছে আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অভিনীত এই সিনেমা।
প্রযোজক শাহরিয়ার শাকিল ও নির্মাতা রেদওয়ান রনির এই কাজটি নিয়ে শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এবার সেই আলোচনাই ছড়িয়ে পড়ছে আটলান্টিকের ওপারে। যুক্তরাষ্ট্রে ঢাকাই সিনেমার পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ জানিয়েছেন, শুরুতে দুই শহরে মুক্তির পরিকল্পনা থাকলেও আগাম সাড়া পাওয়ায় সেটি বাড়িয়ে সাত শহরে নেওয়া হয়েছে।
জানা গেছে, নিউইয়র্ক সিটির কুইনস, লস এঞ্জেলেসের নর্থ হলিউড, গ্রেটার লস এঞ্জেলেসের মনিরো ভ্যালি, সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার চিনো হিলস, আরিজোনার টেম্পি ও চ্যান্ডলার এবং কলোরাডোর বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘দম’।
রাজ হামিদ বলেন, ‘মুক্তির আগে প্রচারণায় ভালো সাড়া মিলেছে। অগ্রিম টিকিট বিক্রিও আশাব্যঞ্জক। ফলে বক্স অফিসে ইতিবাচক ফলের প্রত্যাশা রয়েছে।’
তিনি আরও জানান, উত্তর আমেরিকার বাজারে বাংলা সিনেমা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। বিভিন্ন ভাষার সিনেমার সঙ্গে প্রতিযোগিতার মধ্যেই এগোচ্ছে এই যাত্রা। ‘দম’ সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন।
আগামী ১৭ এপ্রিল কানাডাতেও মুক্তি পাবে সিনেমাটি। এরপর যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঙ্গরাজ্যে ধাপে ধাপে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ২৪ এপ্রিল দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতেও মুক্তি পেতে যাচ্ছে ‘দম’।

বিনোদন ডেস্ক