এনটিভিতে মমতাজ হারবাল প্রোডাক্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন -২ এর চ্যাম্পিয়ন নুপুর
সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা সৃজনশীল হাতগুলোকে সামনে আনার লক্ষ্যেই আয়োজন করা হয়েছিল রিয়েলিটি শো সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন–২। দীর্ঘ কয়েক মাসের প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও নানা চ্যালেঞ্জের পর অবশেষে জমকালো আয়োজনে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হলো।
রাজধানীর তেজগাঁওয়ে এনটিভি স্টুডিওতে আয়োজিত ফাইনাল পর্বে প্রতিযোগীরা নিজেদের দক্ষতার সেরা নৈপুণ্য তুলে ধরেন। ফেসিয়াল ট্রিটমেন্ট, ব্রাইডাল মেকআপ, হেয়ারস্টাইলিং ও সৃজনশীল বিউটি রাউন্ডে প্রতিযোগীদের শিল্পীসুলভ কাজ দর্শক ও বিচারকদের সামনে এক ভিন্ন সৌন্দর্যের অভিজ্ঞতা তৈরি করে।
গ্র্যান্ড ফিনালে শেষে বিচারকদের রায়ে সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন–২-এর চ্যাম্পিয়ন হয়েছেন নুপুর আক্তার। প্রথম রানার আপ হয়েছেন মারিয়াম হাসান রাখী এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন স্মৃতি চৌধুরী ছোয়াঁ। দীর্ঘ প্রতিযোগিতার পথ পেরিয়ে এই তিন প্রতিযোগী তাদের দক্ষতা, ধৈর্য ও সৃজনশীলতার মাধ্যমে সেরা হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রুহানী সালসাবিল। বিচারকের দায়িত্ব পালন করেন দেশের প্রখ্যাত বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান এবং হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম। গ্র্যান্ড ফিনালে পর্বে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি।
অনুষ্ঠানে বক্তব্য দেন এনটিভির পরিচালক আলহাজ্ব মো. নুরউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘মমতাজ হারবাল প্রোডাক্টসের পণ্য আমাদের দেশীয় পণ্য। তাই আমরা সবাই দেশীয় পণ্য ব্যবহার করব এবং বিদেশি পণ্য বর্জন করব। আজ যারা বিজয়ী হতে পারেননি, তাদের মন খারাপ করার কিছু নেই। ভবিষ্যতে তারাই হয়তো আরও বড় সাফল্য অর্জন করবেন।’
মমতাজ হারবাল প্রোডাক্টসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাদাদ আলী ভিরানী বলেন, ‘এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো বিউটি সেক্টরের প্রতিভাবান শিল্পীদের সামনে নিয়ে আসা এবং তাদের উন্নতির সুযোগ তৈরি করা। এই আয়োজনে আপনাদের নির্দেশনা আছে, সামর্থ্য আছে, শিল্প আছে। আপনাদের সবার জন্য শুভকামনা।’
মমতাজ হারবাল প্রোডাক্টসের ডিরেক্টর জয়া ভিরানী বলেন, ‘এই আয়োজনে অংশ নেওয়া প্রতিযোগী এবং এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। প্রতিভা বিকাশের এমন একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মমতাজ হারবাল প্রোডাক্টসের ডিরেক্টর মারমারিন ভিরানী, সিওও আব্দুস সাত্তার, এনটিভির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং অঞ্জন কুমার কুন্ডু এবং হেড অব ফাইন্যান্স মো. গোলাম রওশন ইয়াজদানীসহ সংশ্লিষ্টরা।
আয়োজকদের মতে, ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি দেশের বিউটি ইন্ডাস্ট্রির নতুন প্রতিভাদের সামনে নিয়ে আসার একটি বড় প্ল্যাটফর্ম। এই মঞ্চ থেকে উঠে আসা শিল্পীরা ভবিষ্যতে দেশের সৌন্দর্যচর্চা শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাই সবার। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. নুরুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক