ইতিহাস গড়ছে ‘ধুরন্ধর ২’, ৮ দিনেই আয় ১০০০ কোটি
মুক্তির পর থেকে বক্স অফিসে একচেটিয়া দাপট দেখিয়ে চলেছে রণবীর সিং অভিনীত এবং আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’। মুক্তির মাত্র ৮ দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১০০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি—যা সাম্প্রতিক সময়ের অন্যতম দ্রুততম অর্জনের ইতিহাস হিসাবে দেখা হচ্ছে। ১৯ মার্চ ২০২৬-এ মুক্তি পাওয়া এই সিনেমাটি আজ (২৭ মার্চ) চলছে মুক্তির নবম দিনে, আর এই দিনেও এর আয় থামার কোনো লক্ষণ নেই।
টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, নবম দিনে সিনেমাটির আয় এখনো শক্ত অবস্থানে রয়েছে এবং ভারতীয় বক্স অফিসে মোট নেট সংগ্রহ প্রায় ৬৭৫ কোটির কাছাকাছি পৌঁছেছে। এর আগের দিন অর্থাৎ অষ্টম দিনে সিনেমাটি ভারতে মোট গ্রস হিসেবে প্রায় ৮০৫ কোটি এবং বিশ্বব্যাপী প্রায় ১০৬৭ কোটির ঘরে পৌঁছে যায়। নবম দিনে সেই ধারাবাহিকতা বজায় রেখেই আয় বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ট্রেড বিশ্লেষকদের প্রাথমিক হিসাব বলছে, নবম দিনের একক আয় কিছুটা কমলেও তা এখনো শক্ত অবস্থানে রয়েছে এবং দ্বিতীয় সপ্তাহের শুরুতে সাধারণত যেভাবে পতন দেখা যায়, তার তুলনায় এই সিনেমার পতন অনেক কম। ফলে দৈনিক আয় এখনও কয়েক দশ কোটি টাকার ঘরেই রয়েছে।
শুরুর দিক থেকেই সিনেমাটির বক্স অফিস যাত্রা ছিল বিস্ফোরক। মুক্তির প্রথম সপ্তাহেই ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করে এটি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে বিরল ঘটনা। মাত্র ৮ দিনেই ১০৮০ কোটির বেশি আয় তুলে নেয় সিনেমাটি এবং একাধিক রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড তৈরি করে।
বর্তমান গতিপ্রবাহ বলছে, দ্বিতীয় সপ্তাহেও দর্শকের আগ্রহ অটুট থাকায় সিনেমাটি আরও বড় রেকর্ডের দিকে এগোচ্ছে। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই এটি আগের কিস্তির লাইফটাইম আয় ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

বিনোদন ডেস্ক