বক্স অফিসে ২৩তম দিনে কত আয় করল ‘ধুরন্ধর ২’?
রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে ঝড় তুলেছে। হিন্দি সিনেমার ইতিহাসে ‘ধুরন্ধর ২’ প্রথম সিনেমা হিসেবে ১০০০ কোটি টাকা অতিক্রম করেছে। সিনেমাটি মাত্র কয়েক দিনের মধ্যেই এই রেকর্ড অর্জন করে। যদিও ‘ধুরন্ধর ২’-এর আয় কিছুটা কমেছে, তবে এই সিনেমার ঝড়ের প্রভাব আসন্ন সিনেমাগুলোর উপরেও পড়বে।
সিনেমাটি ১৯ মার্চ মুক্তি পেয়ে ২৩ দিনে বিপুল পরিমাণে আয় করেছে। এখনও পর্যন্ত সিনেমার আয় ১,০৫৪.১২ কোটি টাকা। বিশ্বব্যাপী এই সিনেমার আয় ১,৬৭০.০৬ কোটি টাকা ছাড়িয়ে গেছে। চতুর্থ সপ্তাহে সিনেমাটি ২০ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারে।
স্যাকনিল্ক-এর সর্বশেষ তথ্যানুযায়ী, মুক্তির ২৩তম দিনে সিনেমাটি ৬.৭০ কোটি টাকা আয় করেছে। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ৮৪০ কোটি টাকার বেশি আয় করেছিল। অন্যদিকে, ‘ধুরন্ধর ২’ এখনই ১,০৫৪ কোটি টাকা আয় করেছে। যা প্রায় ৪০০ কোটি টাকার বেশি। সিনেমাটির বাজেট ২৫০ থেকে ২৮০ কোটি টাকার মধ্যে বলে অনুমান করা হচ্ছে। স্যাটেলাইট এবং ডিজিটাল স্বত্ব বিক্রি থেকেও উল্লেখযোগ্য পরিমাণে যে এই সিনেমা আয় করবে তা বলাই বাহুল্য। আশা করা হচ্ছে, আজ চতুর্থ শনিবার সিনেমাটির আয় আরও বাড়তে পারে।
আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় ২৭ লাখ টাকা দিয়ে শুরু করেছে। মাত্র কয়েক দিনের মধ্যেই ‘ধুরন্ধর’, ‘কেজিএফ ২’ এবং ‘বাহুবলী ২’-এর মতো সিনেমাকে ছাড়িয়ে গেছে। এখন, আগামী দিনে আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা ২’কে ছাড়িয়ে যেতে পারে কিনা সেটাই দেখার। ‘পুষ্পা ২’ ১০ সপ্তাহে ভারতীয় বক্স অফিসে ১,২৩৪.১০ কোটি টাকা সংগ্রহ করেছিল।

বিনোদন ডেস্ক