কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২ সিনেমা হলে ‘বনলতা এক্সপ্রেস’
দেশের প্রেক্ষাগৃহে টানা দর্শক সাড়া আর বক্স অফিসে ধারাবাহিক সাফল্যের পর এবার আন্তর্জাতিক যাত্রায় ‘বনলতা এক্সপ্রেস’। অস্ট্রেলিয়ায় মুক্তির পর এখন কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে যাচ্ছে তানিম নূর পরিচালিত এই সিনেমা।
জানা গেছে, আগামী ৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই বিশ্বভ্রমণ। হুমায়ূন আহমেদের গল্পের চরিত্রগুলো এবার পৌঁছে যাচ্ছে দেশের বাইরের দর্শকদের কাছেও।
সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রু এক ফেসবুক পোস্টে জানিয়েছে, মুক্তির প্রথম সপ্তাহে কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি প্রেক্ষাগৃহে চলবে ‘বনলতা এক্সপ্রেস’। এর মধ্যে যুক্তরাষ্ট্রের এএমসি-তে ২১টি, রিগ্যালে ১৪টি, কানাডার সিনেপ্লেক্সে ১৫টি, সিনেমার্কে ২টি, শোকেসে ১টি এবং যুক্তরাজ্যের সিনে ওয়ার্ল্ডে ৪টি শো নির্ধারিত হয়েছে।
এর আগে একই নির্মাতার ‘উৎসব’-এর তুলনায় ১৫টি বেশি প্রেক্ষাগৃহ পেয়েছে এই সিনেমা। এছাড়া আগামী ১০ এপ্রিল লস অ্যাঞ্জেলেস, কানেক্টিকাট ও অস্টিনসহ আরও কয়েকটি প্রেক্ষাগৃহ যুক্ত হওয়ার কথা রয়েছে।
পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি, সেটা অভাবনীয়। এবার দেশের বাইরের দর্শকদের ছবিটি দেখাতে পারছি—এটা আমাদের জন্য আনন্দের।’
একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই গল্পে উঠে এসেছে যাত্রীদের ব্যক্তিগত জীবনের নানা স্তর। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

বিনোদন ডেস্ক