‘রুক্মিণী মল্লিক’ নাম নিয়ে শপথ নিলেন কোয়েল, কিন্তু কেন?
নতুন অধ্যায় শুরু করলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। পা রাখলেন রাজনীতির অঙ্গনে। জল্পনার অবসান ঘটিয়ে গতকাল সোমবার ভারতের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল। শপথবাক্য পাঠ করার সময় কোয়েল নিজের নাম বলেছেন, রুক্মিণী মল্লিক। কিন্তু কেন?
বাংলা ভাষায় কোয়েলের শপথ গ্রহণের মুহূর্ত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাকে কোয়েল নামেই চেনে, তাহলে তিনি রাজ্যসভায় নিজের নাম কেন রুক্মিণী বললেন? এই প্রশ্নের উত্তর ও একবার নিজেই দিয়েছিলেন কোয়েল। অভিনেত্রী একবার নিজেই জানিয়েছিলেন, তার আসল নাম রুক্মিণী। তার স্কুলে, সমস্ত নথিতে তার নাম রুক্মিণীই রয়েছে। তবে কেন হঠাৎ কোয়েল নামের উৎপত্তি?
কোয়েল ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি যখন প্রথম হরনাথ চক্রবর্তীর সিনেমায় অভিনয় করতে যান, সেই সময়ে অবশ্যই তিনি ততটা পরিচিত ছিলেন না রুপালি পর্দায়। একেবারে নতুন নায়িকা। সেই সময়ে সিনেমায় তার নাম দেওয়ার সময়, হরনাথ চক্রবর্তী দিয়ে দেন, কোয়েল নামটি। কোয়েল আসলে অভিনেত্রীর বাড়ির নাম। ডাক নাম। পারিবারিক বন্ধু হওয়ার কারণে, হরনাথ চক্রবর্তী কোয়েলকে চিনতেন সেই নামেই। অভিনেত্রীর যে আরও কোনও নাম রয়েছে, আর সেই নামই যে তার যাবতীয় নথিতে রয়েছে তা জানতেন না হরনাথ চক্রবর্তী।
প্রথম সিনেমায় নায়িকার নাম লেখা হয়ে যায়, কোয়েল। আর তারপরে এই নামেই জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী। একের পর এক সিনেমায় ব্যবহৃত হতে থাকে এই নামটিই। শুধু খাতায় কলমে রয়ে যায়, রুক্মিণী নামটি। তবে সরকারি সমস্ত নথিতে প্রয়োজন হয় বার্থ সার্টিফিকেটের নামই। সেই কারণেই কোয়েল রাজ্যসভায় এই নামে শপথ নিয়েছেন। রাজ্যসভা থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। প্রত্যেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিনোদন ডেস্ক