মজার ছলে ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তবে সম্প্রতি রণবীরের নতুন সিনেমা ‘ধুরন্ধর ২’-এর সাফল্য নিয়ে দীপিকার নীরবতা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
দীপিকা তার স্বামী রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর ২’-এর স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন না। ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ মুক্তির পর রণবীরের জন্য কোনো প্রশংসামূলক পোস্টও শেয়ার করেননি এবং সিনেমাটি ব্লকবাস্টার হওয়ার পর টিমকে অভিনন্দনও জানাননি নায়িকা। এমন পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, দীপিকা কেন সিনেমাটির সাফল্য এবং রণবীরের পারফরম্যান্সে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি রিলের কমেন্ট সেকশনে এক ভক্ত দীপিকাকে প্রশ্ন করেন তিনি কি ইচ্ছাকৃতভাবে চুপ ছিলেন, নাকি তার নীরবতাকে মানুষ একটু বেশিই বিশ্লেষণ করছে?
এমন মন্তব্যের জবাবে তিনি লেখেন, ‘দ্বিতীয়টাই সত্যি, আমার বন্ধু... আমি “ধুরন্ধর ২” তোমাদের সবার আগেই দেখে ফেলেছি।’ এরপর মজার ছলে যোগ করেন, ‘এবার বলো কার মজা হলো?’
দীপিকার উত্তর সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এবার দীপিকার ভক্তরা ট্রলকারীদের ট্রোল করছেন। ভক্তরা লিখছেন যে কাউকে সমর্থন করার জন্য তার সঙ্গে প্রকাশ্যে দেখা করার দরকার নেই। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘কাউকে সমর্থন করার জন্য সবসময় প্রকাশ্যে আসতে হয় না, এটা মানুষ কবে বুঝবে?’ অন্য একজন বিদ্রূপ করে লিখেছেন, ‘আপনারা কি ভুলে গিয়েছেন যে দীপিকা রণবীরের সাথেই এক বাড়িতে থাকেন? তার আলাদা করে উইশ করার দরকার নেই।’
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ সিনেমাতে একসঙ্গে কাজ করার পর তারা একে অপরের ডেট করতে শুরু করেন এবং তারপর ২০১৮ সালে বিয়ে করেন। বিয়ের ৬ বছর পর দীপিকা মা হন এবং ২০২৪ সালে তাদের মেয়ে দুয়াকে জন্ম দেন।

বিনোদন ডেস্ক