গসিপ আর বিতর্কের মঞ্চ ‘কফি উইথ করণ’র নতুন সিজন আসছে
বলিউডের অন্দরমহলের গল্প, তারকাদের ব্যক্তিগত সম্পর্ক আর বিতর্কিত মন্তব্য—সব মিলিয়ে আবারও পর্দায় ফিরছে ‘কফি উইথ করণ’। দীর্ঘ বিরতির পর জনপ্রিয় এই টক শো-এর নবম সিজন নিয়ে আসার ঘোষণা দিয়েছেন নির্মাতা করণ জোহর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী দিওয়ালিতেই শুরু হবে সিজন ৯। এক দর্শক শোটি কবে ফিরছে জানতে চাইলে সংক্ষিপ্ত জবাবে করণ বলেন, ‘দিওয়ালি। সিজন ৯।’ এর আগে ২০২৪ সালে শেষ হয়েছিল অষ্টম সিজন।
শুরু থেকেই ‘কফি উইথ করণ’ মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। সর্বশেষ সিজনে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে করা মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এছাড়া শর্মিলা ঠাকুর, সাইফ আলি খান, কারিনা কাপুর, আলিয়া ভাট, সানি ও ববি দেওলসহ একাধিক তারকার উপস্থিতিতে জমে উঠেছিল পুরো আয়োজন।
তবে এই শো শুধু বিনোদনেই সীমাবদ্ধ থাকেনি, তৈরি করেছে একের পর এক বিতর্কও। সোনম কাপুর ও দীপিকার রণবীর কাপুরকে নিয়ে মন্তব্য কিংবা ঐশ্বরিয়া রাইকে ঘিরে ইমরান হাশমির বক্তব্য—সবই আলোচনায় এসেছে বারবার।
ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার মন্তব্যও শো-টির অন্যতম আলোচিত ঘটনা, যা তার ক্যারিয়ারে প্রভাব ফেলেছিল। আর সবচেয়ে বেশি আলোচিত হয়ে আছে কঙ্গনা রানাউতের সেই পর্ব, যেখানে তিনি সরাসরি করণ জোহরকে ‘স্বজনপোষণের ধ্বজাধারী’ এবং ‘মুভি মাফিয়া’ বলে সমালোচনা করেন।
২০০৪ সালে যাত্রা শুরু করা এই টক শো-এর প্রতিটি সিজনই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। নতুন সিজনে কী চমক অপেক্ষা করছে, সেটিই এখন দেখার বিষয়।

বিনোদন ডেস্ক