কেন পাপারাজ্জিদের ওপর রেগে গেলেন কারিশমা?
ফের খবরের শিরোনামে নব্বই দশকের বলিউড অভিনেত্রী করিশমা কাপুর। সম্প্রতি ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার’ সিজন ৫-এর শুটিং সেট থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। যেখানে তাকে ছবি তোলা ও ভিডিও করার সময় পাপারাজ্জিদের জুম না করার জন্য বিনীতভাবে অনুরোধ করতে দেখা যায়। তিনি বলেন, ‘জ্যাদা জুম মাত করনা’ অর্থাৎ ‘অনেক বেশি জুম করবেন না।’
করিশমার এই সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট মন্তব্য মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা প্রতিক্রিয়া। অনেকেই পাপারাজ্জিদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন, আবার কেউ কেউ করিশমার ধৈর্য ও ভদ্রতাকে প্রশংসা করেন।
এই ঘটনা আবারও বিনোদন দুনিয়ায় সেলিব্রিটি ও পাপারাজ্জিদের সম্পর্ক নিয়ে আলোচনা উসকে দিয়েছে। অতিরিক্ত নিকট থেকে ছবি তোলা বা ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপের বিষয়টি আগেও একাধিকবার বিতর্কের জন্ম দিয়েছে।
এর আগে, শ্রুতি হাসান, জয়া বচ্চন, সালমান খান, রণবীর কাপুর ও সাইফ আলী খানসহ অনেক তারকাই বিভিন্ন সময় পাপারাজ্জিদের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, করিশমা কাপুর তার অভিনয় জীবনে একাধিক জাতীয় ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন। নব্বই দশকে সর্বাধিক জনপ্রিয় ও পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন হিসেবে পরিচিত ছিলেন এই অভিনেত্রী। তাকে সর্বশেষ ২০২৪ সালের ‘মার্ডার মুবারক’ সিনেমাতে দেখা গেছে। আর তার নতুন ওয়েব সিরিজ ‘ব্রাউন’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিনোদন ডেস্ক