বিধানসভা নির্বাচনে চমক দেখাতে যাচ্ছে থালাপতি বিজয়ের দল!
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অভিনেতা থালাপতি বিজয়। তার নবগঠিত দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) প্রথম নির্বাচনেই অভাবনীয় সাফল্য পেতে যাচ্ছে বলে দাবি করছে বিভিন্ন জরিপ সংস্থা। ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়ার’ বুথফেরত জরিপে দাবি করা হয়েছে, বিজয়ের দল ২৩৪টি আসনের মধ্যে ৯৮ থেকে ১২০টি আসন জিতে সরাসরি ক্ষমতার কাছাকাছি পৌঁছে যেতে পারে।
এই পূর্বাভাস যদি সত্য হয়, তবে তা তামিলনাড়ুর ঐতিহ্যবাহী দুই দ্রাবিড় রাজনৈতিক শক্তি ডিএমকে ও এআইএডিএমকের জন্য বড় ধাক্কা হিসেবে প্রমাণিত হবে।
আরও পড়ুন : টানা তৃতীয় দিন কমল স্বর্ণের দাম, ভরি কত?
নির্বাচনি মাঠের এই নাটকীয় মোড় কেবল আসন সংখ্যায় নয়, বরং ভোট শেয়ারের ক্ষেত্রেও স্পষ্ট। জরিপ অনুযায়ী বিজয়ের দল প্রায় ৩৫ শতাংশ ভোট পেতে পারে, যা বর্তমান ক্ষমতাসীন ডিএমকে জোটের প্রায় সমান। যদিও ডিএমকের নেতৃত্বাধীন জোটকে অনেক সংস্থা এখনও ১২০ থেকে ১৪০টি আসন দিয়ে এগিয়ে রাখছে। তবে বিজয়ের দলের এই আকস্মিক উত্থান রাজনৈতিক বিশ্লেষকদের সমীকরণ উল্টে দিয়েছে।
তামিল রাজনীতির ইতিহাসে এর আগে অনেক অভিনেতা রাজনীতিতে নামলেও প্রথম নির্বাচনেই এমন জনসমর্থনের পূর্বাভাস খুব কমই দেখা গেছে। বিশেষ করে যুবসমাজের একটি বিশাল অংশ ও চিরাচরিত রাজনীতির বাইরে থাকা ভোটাররা বিজয়ের ‘টিভিকের’ দিকে ঝুঁকেছেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : ইরানের ওপর নৌ-অবরোধ কয়েক মাস স্থায়ী হতে পারে, বললেন ট্রাম্প
আরও পড়ুন : দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস, যেসব অঞ্চলে সতর্কবার্তা
তবে এই সাফল্যের পূর্বাভাস নিয়ে কিছু সংশয়ও দেখা দিয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, যদি টিভিকের ভোটের হার সামান্য ৩ থেকে ৫ শতাংশও কমে যায়, তবে আসন সংখ্যা নাটকীয়ভাবে কমে ৩০ থেকে ৪০-এ নেমে আসতে পারে। সে ক্ষেত্রে ডিএমকে জোট বা এআইএডিএমকে জোটের যেকোনো একটি সরকার গঠনের জন্য সুবিধাজনক অবস্থানে চলে যাবে। তবুও কামাখ্যা অ্যানালিটিক্স বা পি-মার্কের মতো সংস্থাগুলো বিজয়কে একটি শক্তিশালী ‘ফ্যাক্টর’ হিসেবে দেখছে, যারা সরকার গঠনে কিং-মেকারের ভূমিকা পালন করতে পারে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, বিকাল ৫টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৮২ দশমিক ২৪ শতাংশ। আগামী সোমবার (৪ মে) ভোট গণনার পর চূড়ান্ত ফলাফল জানা যাবে।
রুপালি পর্দার থালাপতি সত্যিই কি তামিলনাড়ুর নতুন অধিপতি হতে চলেছেন? সিনেমার মতোই রাজনীতির ময়দানেও ‘ওপেনিং’ ভালো হয়েছে। এখন চূড়ান্ত ফলাফল বা ‘বক্স অফিস’ কী হয়, তা দেখার অপেক্ষায় ভক্তরা ও সমর্থকরা। সূত্র : এনডিটিভি

এনটিভি অনলাইন ডেস্ক