এবার শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সেন্সর সনদ স্থগিত
মুক্তির পরই সমালোচনায় থাকা শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ এবার নতুন জটিলতায় পড়েছে। চলচ্চিত্রটির সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। পিআইডির বরাতে এমন খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।
বোর্ডের অভিযোগ, অনুমোদিত সংস্করণের বাইরে গিয়ে সিনেমাতে অতিরিক্ত গান ও একাধিক দৃশ্য যুক্ত করে প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে। একই সঙ্গে ধূমপান ও মাদক সেবনবিরোধী সতর্কবার্তাও নির্ধারিত নিয়ম না মেনে পরিবর্তিতভাবে উপস্থাপন করা হয়েছে। এসব অনিয়মের কারণেই ছবিটির সার্টিফিকেট (এলএল নং ১০/২০২৬, ১৬ মার্চ ২০২৬) স্থগিত করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ‘তোমাকে ছাড়া’ শিরোনামের একটি গান এবং মরুভূমির পটভূমিতে সহিংস হত্যার দৃশ্য যুক্ত করা হয়েছে। পাশাপাশি, পূর্বে বোর্ড কর্তৃক বাদ দেওয়া কয়েকটি দৃশ্য—হাত কেটে ফেলা, গলার রগ কেটে দেওয়ার দৃশ্য এবং নারীদের অশালীন উপস্থাপন—পুনরায় সংযোজন করা হয়।
এ প্রসঙ্গে নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, তিনি এখনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ হাতে পাননি। তবে আগে একটি নোটিশ পেয়েছিলেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই তার জবাব দেওয়া হয়েছে।
নির্মাতার দাবি, ভুলবশত ছবিটির ভিন্ন সংস্করণ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল। বিষয়টি বোর্ডকে জানানো হয়েছে এবং ভবিষ্যতে প্রদর্শনের জন্য অনুমোদিত সংস্করণই সরবরাহের প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই স্থগিতাদেশের খবর গণমাধ্যমে আসে বলে জানান তিনি।
নোটিশ পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন নির্মাতা।
আবু হায়াত মাহমুদ পরিচালিত ও শিরিন সুলতানা প্রযোজিত এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

বিনোদন ডেস্ক