সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই, সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে সরকারি পদের অপব্যবহারের সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ইংল্যান্ডের নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ পুলিশের বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
গ্রেপ্তারের পর অ্যান্ড্রুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে বার্কশায়ার ও নরফোকের একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে, যার মধ্যে উইন্ডসরের রয়্যাল লজও রয়েছে—যেখানে তিনি সম্প্রতি বসবাস করতেন।
এদিকে এ বিষয়ে রাজা চার্লস এক বিবৃতিতে জানান, তিনি ‘গভীর উদ্বেগের সঙ্গে’ অ্যান্ড্রুর গ্রেপ্তারের খবর জেনেছেন। তিনি বলেন, আইনকে তার নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়া উচিত।
বিবিসি জানিয়েছে, গ্রেপ্তারের আগে রাজাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিনও রাজার এই অবস্থানকে সমর্থন করেছেন বলে ধারণা করা হচ্ছে।
থেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে গোপন তথ্য আদান-প্রদানের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ তারা পর্যালোচনা করছিল। জানুয়ারিতে প্রকাশিত বিপুল এপস্টেইন নথিপত্রের প্রেক্ষাপটেই এই তদন্ত জোরদার হয়।
সাবেক প্রিন্স অ্যান্ড্রু অতীতে এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তবে সর্বশেষ অভিযোগ সম্পর্কে তিনি এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।
আইন বিশেষজ্ঞদের মতে, সরকারি পদের অপব্যবহার হলো এমন একটি গুরুতর অপরাধ যেখানে কোনো সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি ক্ষমতার অপব্যবহার, গোপন তথ্যের অপপ্রয়োগ বা দায়িত্ব পালনে গুরুতর অনিয়ম করলে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।
পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না এবং প্রমাণ যাচাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এনটিভি অনলাইন ডেস্ক