জার্মানির রাষ্ট্রদূতকে তলব করে ইরানের প্রতিবাদ
জার্মানিতে ‘ইরানবিরোধী কার্যকলাপের’প্রতিবাদে তেহরানে জার্মানির রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান৷ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে তলব করে রাষ্ট্রদূত অ্যাক্সেল ডিটমানকে ইরান সরকারের আপত্তির কথা জানানো হয়৷
বৈঠকটি কখন হয়েছে তা জানা যায়নি৷ জার্মানির পররাষ্ট্র দপ্তরও প্রাথমিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি৷
তবে ধারণা করা হচ্ছে, ইরানের এই প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে গত শনিবার মিউনিখে হয়ে যাওয়া বিক্ষোভ সমাবেশের ভূমিকা থাকতে পারে৷ প্রায় আড়াই লাখ মানুষ ঐ সমাবেশে অংশ নেন৷
জার্মানির এফডিপি দলের মারি-আগনেস স্ট্রাক-জিমারমান এবং সিডিইউর পররাষ্ট্র নীতি বিষয়ক আইনপ্রণেতা আরমিন লাশেটসহ বেশ কয়েকজন জার্মান রাজনীতিবিদ ওই বিক্ষোভ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন৷
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সময়ে অনুষ্ঠিত সমাবেশটি হয় ইরানের সাবেক শাসক রেজা শাহ পাহলভির সন্তান, ইরানের বর্তমান সরকারবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব রেজা পাহলভির আহ্বানে৷
জানুয়ারি মাসের শুরুর দিকে ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী সহিংসভাবে বিক্ষোভ দমন করে৷ অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক এইচআএএনএ-র তথ্য অনুযায়ী তখন সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়৷

ডয়চে ভেলে