ট্রাম্পের হারের পর ইরান যুদ্ধ নিয়ে ‘প্রশ্ন তুলবে’ ডেমোক্র্যাটরা
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের ভরাডুবির পর ইরান যুদ্ধের বিষয়টি বারবার বিভিন্ন প্রসঙ্গে সামনে চলে আসছে। বিশ্লেষকরা বলছেন এখন থেকে কীভাবে এই যুদ্ধ শেষ করা যায় তা নিয়েই বেশি আলোচনা হবে। তারা বলছেন কংগ্রেস এই বিষয়টি নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করা সুযোগ পাবে এবং এক্ষেত্রে ডেমেক্র্যাট সদস্যরা যুদ্ধ নিয়ে বেশি প্রশ্ন করার সুযোগ পাবেন।
রিপাবলিকান রাজনৈতিক কৌশলবিদ অ্যামি ফ্রেডেরিকসেন বিশ্বাস করেন, বর্তমান প্রশাসনের জন্য এখন ইরানে যুদ্ধ সমাপ্তির কৌশল খুঁজে বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
মিনেসোটার মিনিয়াপোলিস থেকে আলজাজিরাকে অ্যামি ফ্রেডেরিকসেন বলেন, ‘আমার মনে হয় যে, সেই রূপরেখা বা কৌশল কেমন হবে তা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে একসাথে কাজ করার একটি সুযোগ এই কংগ্রেসের রয়েছে।’
অ্যামি ফ্রেডেরিকসেন আরও যোগ করেন, ‘মার্কিন জনগণের প্রতিনিধিত্বকারী কংগ্রেসের পক্ষ থেকে সেখানকার এই সামরিক অভিযানটি নিয়ে এতদিন বলতে গেলে তেমন কোনো প্রশ্ন তোলা হয়নি।’
ফ্রেডেরিকসেন জানান, বেশিরভাগ মার্কিন নাগরিকই পারমাণবিক শক্তিধর ইরানকে কখনো সমর্থন করবে না বা দেশটিকে পারমাণবিক ক্ষমতাধর হিসেবে দেখতে চাইবে না, এবং এটিই ছিল যুদ্ধে জড়ানোর অন্যতম ‘ঘোষিত কারণ।’ তিনি জোর দিয়ে বলেন, বিগত মাসগুলোতে যুদ্ধ গড়ালেও প্রশাসন বারবারই দাবি করে আসছিল যে এই যুদ্ধ শিগগিরই শেষ হবে। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের কেবল এমন কিছু বলা হচ্ছিল যা আদৌ সত্য ছিল না।
ফ্রেডেরিকসেন সবশেষে বলেন, ‘আবারও বলছি, যে প্রতিষ্ঠানটির নজরদারি চালানো উচিত এবং যার প্রশ্ন তোলা উচিত সেটি হলো কংগ্রেস; আর এখন ডেমোক্র্যাটরা ঠিক সেই কাজটিই করবে।’

এনটিভি অনলাইন ডেস্ক