৬২৪ কোটি টাকার মালিক বিজয়, বিলাসবহুল গাড়িসহ আর কি আছে হবু মুখ্যমন্ত্রীর?
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় এখন শুধু পর্দার সুপারস্টার নন, তামিলনাড়ুর হবু মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৬২৪ কোটি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে দাবি করছে, বিজয়ের অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৪০৪ কোটি রুপি এবং স্থাবর সম্পত্তির মূল্য প্রায় ২২০ কোটি রুপি।
চেন্নাইয়ের নীলাঙ্কারাই এলাকায় সমুদ্রতীরবর্তী একটি বিলাসবহুল বাংলো রয়েছে এই অভিনেতার। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ কোটি রুপি। এছাড়াও চেন্নাইয়ে আরও একাধিক ফ্ল্যাট, বাণিজ্যিক সম্পত্তি ও জমি রয়েছে তার নামে।
গাড়ির সংগ্রহেও বেশ সমৃদ্ধ বিজয়। তার গ্যারেজে রয়েছে রোলস-রয়েস ঘোস্ট, বিএমডব্লিউ আই৭, অডি এ৮ এল, রেঞ্জ রোভার ইভোক এবং ফোর্ড মুস্তাং জিটির মতো বিলাসবহুল গাড়ি।
শুধু সিনেমা থেকেই নয়, বিজ্ঞাপন ও বিভিন্ন বিনিয়োগ থেকেও মোটা অঙ্কের আয় করেন এই তারকা। ভারতীয় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, একেকটি সিনেমার জন্য তিনি ১০০ থেকে ১৫০ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন। কিছু নতুন প্রকল্পে সেই অঙ্ক ২০০ কোটির কাছাকাছিও পৌঁছেছে বলে দাবি করা হয়েছে।
এছাড়া বিভিন্ন ব্যাংক হিসাবেও রয়েছে বিপুল পরিমাণ অর্থ। প্রতিবেদনে বলা হয়েছে, তার ব্যাংক আমানতের পরিমাণ ৩০০ কোটিরও বেশি। শুধু একটি হিসাবেই রয়েছে প্রায় ২১৩ কোটি রুপি।

বিনোদন ডেস্ক