পাইরেসির জন্য ওটিটিতে মুক্তি পেল ‘রঙবাজার‘
বড়পর্দায় মুক্তির আগেই পাইরেসির আঘাত। শেষ পর্যন্ত সেই ধাক্কায় প্রেক্ষাগৃহের বদলে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেল রাশিদ পলাশ পরিচালিত ‘রঙবাজার’।
যৌনপল্লি উচ্ছেদের মতো একটি স্পর্শকাতর বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি মুক্তির আগেই অনলাইনে ছড়িয়ে পড়ে। এতে বিপাকে পড়ে প্রযোজনা প্রতিষ্ঠান। শেষ পর্যন্ত বাধ্য হয় পরিকল্পনা বদলাতে।
প্রাথমিকভাবে সিনেমাটি বড়পর্দায় মুক্তির সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু মুক্তির আগেই কনটেন্ট ফাঁস হয়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় বলে জানান নির্মাতা রাশিদ পলাশ।
তিনি বলেন, শুরু থেকেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু পাইরেসির কারণে পুরো পরিকল্পনা বদলে গেছে। দর্শকদের হলে বসে সিনেমাটি দেখানোর যে আশা ছিল, তা আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কনটেন্ট ছড়িয়ে পড়ায় দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে।
নির্মাতার ভাষায়, এমন ঘটনা একজন নির্মাতার জন্য অত্যন্ত হতাশাজনক। পাইরেসির কারণে পুরো কাজটি নিরাপদ রাখা সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত গত রোববার প্রযোজনা প্রতিষ্ঠানের অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমাটি প্রকাশ করা হয়।
নির্মাতারা আশা করছেন, প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও অনলাইন মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে যাবে রঙবাজার।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠু, সম্রাট ও মানিক সাহা। চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।
মুক্তির আগেই পাইরেসির ঘটনা আবারও দেশের চলচ্চিত্রে ডিজিটাল নিরাপত্তা ও কনটেন্ট সুরক্ষার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে।
