৫ বছর পর মুক্তির আলো দেখছে ‘মাসুদ রানা’
অবশেষে বড় পর্দায় ফিরছে বাঙালির জনপ্রিয় গোয়েন্দা ও স্পাই চরিত্র ‘মাসুদ রানা’। মঙ্গলবার প্রকাশ পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার। আর পোস্টার প্রকাশের পরই নস্টালজিয়ায় ভাসছেন সেবা প্রকাশনীর পুরোনো পাঠকরা।
সেবা প্রকাশনীর ক্লাসিক বইয়ের প্রচ্ছদের আবহেই তৈরি করা হয়েছে পোস্টারটি। ফলে এক ঝলক দেখেই অনেকের মনে ফিরেছে সেই কিশোর বয়সের রোমাঞ্চ, রহস্য আর অ্যাডভেঞ্চারের দিনগুলো।
পোস্টার প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া লিখেছে, ‘বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় ‘মাসুদ রানা’! বাঙালি পাঠকের হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা সেই চিরচেনা ‘মাসুদ রানা’ ফিরছে একদম চেনা রূপে।’
২০২০ সালে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় চরিত্র ‘মাসুদ রানা’কে নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া। পরে ২০২৩ সালে মুক্তি পায় ‘এমআর-৯: ডু অর ডাই’। তবে পরিচালক সৈকত নাসিরের নির্মাণাধীন ‘মাসুদ রানা’ সিনেমাটি নানা জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। তিনি আরও জানান, সিনেমার চিত্রনাট্য নিজেই অনুমোদন করেছিলেন কাজী আনোয়ার হোসেন।
প্রযোজকের দাবি, গল্পটিকে বড় পর্দায় তুলে ধরতে কোনো ধরনের কার্পণ্য করা হয়নি। এটি জাজ মাল্টিমিডিয়ার অন্যতম ব্যয়বহুল আয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বেশির ভাগ শুটিং শেষ হয়েছিল প্রায় পাঁচ বছর আগেই। পরে একটি গান ও কয়েকটি দৃশ্যের কাজ বাকি থাকায় পিছিয়ে যায় মুক্তি। সম্প্রতি সেই কাজও সম্পন্ন হয়েছে।
সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। এছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি। আসন্ন কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।

বিনোদন ডেস্ক