জনপ্রিয় অভিনেতা দিলু মজুমদার আর নেই
দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের সিনিয়র অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। গতকাল বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ অভিনয়জীবনে তিনি মঞ্চ ও টেলিভিশনের অসংখ্য নাটকে অভিনয় করেছেন। অভিনয়ের প্রতি নিষ্ঠা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন এই অভিনেতা।
বিশেষ করে নাট্যদল আরণ্যকের বিভিন্ন প্রযোজনায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। আশির দশকের শুরুতে দিলু মজুমদার আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হন। এরপর থেকে তিনি নিয়মিত মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। তিনি একাধিকবার আরণ্যক নাট্যদলের সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
আরণ্যক নাট্যদলে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—ইবলিশ, পাথর, অববাহিকা, গিনিপিগ, খেলা খেলা, জয়জয়ন্তী, ময়ূর সিংহাসন, সঙক্রান্তি।
আরণ্যকের সদস্য নাট্যকার ও নাট্যাভিনেতা অপু মেহেদী গণমাধ্যমকে জানান, দিলু মজুমদারের প্রথম জানাজা বৃহস্পতিবার বাদ জোহর এয়ারপোর্ট কার্গো অ্যাসোসিয়েশন ভবনের সামনে (কার্গো পার্কিং) অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজা হবে উত্তরা ৪ নম্বর সেক্টরের জামতলা ঈদগাহ মাঠে। এরপর তাকে উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে।

বিনোদন ডেস্ক