তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতল গোলাম রাব্বানীর ‘সাঁতার’
‘এক মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’-এ তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে নির্মাতা গোলাম রাব্বানীর চলচ্চিত্র ‘সাঁতার’।
বেস্ট এডিটর, বেস্ট অ্যাক্টর এবং বেস্ট স্টুডেন্ট ফিল্ম—এই তিন বিভাগে স্বীকৃতি পায় মাত্র এক মিনিট দৈর্ঘ্যের এই পরিবেশ বিষয়ক চলচ্চিত্রটি।
৮ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল ফাইন আর্টস অডিটোরিয়ামে আয়োজিত উৎসবে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
চলচ্চিত্রটির নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘পুরস্কার সবসময়ই জীবনে আনন্দ যোগ করে। এই অর্জন আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী কাজে আরও যত্নবান হতে। দুই ঘণ্টার সিনেমা বানাতে যে আয়োজন লাগে, আমার এক মিনিটের সিনেমাতেও একই পরিশ্রম ও আয়োজনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ সত্যিই বড় চ্যালেঞ্জ।’
তিনি আরও জানান, দেশে গত ৫৭ বছরে মানবসৃষ্ট কারণে ১৫৮টি নদী শুকিয়ে গেছে, অনেক নদী হারিয়ে গেছে—এই বাস্তবতাকে রূপকভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে চলচ্চিত্রটিতে।
সেরা চিত্র সম্পাদকের পুরস্কার পাওয়া সানজিদ মাহমুদ বলেন, ‘বিভিন্ন ফুটেজকে একসূত্রে গেঁথে একটি গল্প বলার চেষ্টা করেছি। এই স্বীকৃতি আমার কাজের স্বীকৃতি। আয়োজক ও ‘সাঁতার’ টিমের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
সেরা অভিনেতার পুরস্কার পাওয়া মিজানুর রহমান বলেন, ‘এত ছোট পরিসরের একটি চলচ্চিত্রের জন্য এমন স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। এই অর্জনের পেছনে পুরো টিমের অবদান রয়েছে।’
উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ১৭টি এক মিনিটের চলচ্চিত্র প্রদর্শিত হয়। ‘পজিটিভ বাংলাদেশ, প্রকৃতি ও পরিবেশ’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে নির্মিত এসব চলচ্চিত্রের মধ্যে দর্শক ও বিচারকদের বিশেষ নজর কাড়ে ‘সাঁতার’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজাদুল্লাহ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সাদিয়া রোশনি সূচনা। স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক ও ঢেকি প্রযোজনা সংস্থার প্রতিষ্ঠাতা মো. নিজাম উদ্দিন। আলোচনা পর্বে অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক-প্রশিক্ষক আমির হামজা, ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার গ্রিন ফিল্ম অ্যাম্বাসেডর আকতানিন খায়ের তানিন এবং প্রতিযোগিতা জুরি সদস্য কাজী নওশাবা আহমেদ।

বিনোদন ডেস্ক