শাকিব খান কোন দলের সমর্থক?
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মহোৎসব শুরু হতে না হতেই বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। মাঠের লড়াই শুরুর আগেই সাধারণ ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি এই ফুটবল জ্বরে কাঁপছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
অনেকেই ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের পছন্দের দলের জার্সি গায়ে ছবি পোস্ট করে জানান দিচ্ছেন তারা কে কোন দলের সমর্থক। তবে এই উন্মাদনার মাঝেই ফুটবলপ্রেমী ও দর্শকদের মনে বড় এক কৌতুহল তৈরি হয়েছে ঢালিউডের শীর্ষ সুপারস্টার শাকিব খানকে নিয়ে। বিশ্বকাপের মাঠে এই কিং খান আসলে কোন দলের পক্ষে, তা জানতে ব্যাকুল তার লাখো ভক্ত।
শাকিব খানের ফুটবল প্রেম নিয়ে অতীতে তাকালে ভক্তদের দ্বিধাদ্বন্দ্ব আরও বেড়ে যায়। কারণ, বিভিন্ন সময়ে এই মেগাস্টারকে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলের জার্সিতেই দেখা গেছে। ফলে প্রশ্ন উঠেছে, শাকিব খান আসলে কোন দলের খাঁটি সমর্থক? আর্জেন্টিনা নাকি সেলেসাওদের?
ফিরে দেখা যাক ২০১৪ সালের বিশ্বকাপে। সে সময় দেশের একটি শীর্ষ ইংরেজি দৈনিকের ফটোশুটে অংশ নিয়ে শাকিব খান খোলামেলাভাবেই জানিয়েছিলেন তিনি ছোটবেলা থেকেই ব্রাজিলের অন্ধ সমর্থক। নেইমারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে কিং খান বলেছিলেন, "নেইমারের খেলা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে।"
ঠিক চার বছর পর, ২০১৮ সালের বিশ্বকাপে যেন পাশা উল্টে গেল! সেবার শাকিব নিজেকে আর্জেন্টিনার সমর্থক দাবি করে বলেন, "একসময় নিয়ম করে প্রতিদিন ফুটবল খেলতাম। এখন আর সেই সুযোগ হয় না। মাঠে খেলার সময় নিজেকে ম্যারাডোনা মনে করতাম। তার মতো ফুটবল খেলার চেষ্টা করতাম। তখন থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক।" শুধু তাই নয়, ২০২১ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা জয় করার পর শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, "একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন, যা অর্জন করা ভীষণ প্রয়োজন ছিল। অভিনন্দন আর্জেন্টিনা এবং লিওনেল মেসি।"
২০২২ সালের কাতার বিশ্বকাপেও নিজের পছন্দের দল নিয়ে কিছুটা রহস্য বজায় রেখেছিলেন শাকিব খান। ২০২৬-এর এই মেগা বিশ্বকাপেও সেই রহস্য এখনো কাটেনি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের প্রতিই শাকিবের এই টান ভক্তদের মনে যেমন মজা জোগাচ্ছে, তেমনি বাড়াচ্ছে কৌতূহলও। এবার শেষ পর্যন্ত শাকিব খান কোন দলের জার্সিতে হাজির হন, তা দেখার জন্যই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

বিনোদন ডেস্ক