বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে কাঁপানো বাংলাদেশি বংশোদ্ভূত কে এই সঞ্জয়?
উত্তর আমেরিকার তিন দেশে পর্দা উঠেছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের। বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে যখন মাতোয়ারা পুরো বিশ্ব, ঠিক তখনই কোটি বাংলাদেশির বুক গর্বে ভরিয়ে দিলেন এক প্রবাসী তরুণ।
ফুটবল মাঠের বিশ্বমঞ্চে বাংলাদেশ দল না থাকলেও, উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ঠিকই উড়ল লাল-সবুজের পতাকা। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতালেন মিউজিক প্রডিউসার ও শিল্পী সঞ্জয়। শনিবার কানাডার টরন্টো স্টেডিয়ামে স্বাগতিকদের উদ্বোধনী ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হয় এই জমকালো অনুষ্ঠান।
কানাডার আদিবাসী জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গায়ক উইলিয়াম প্রিন্সের পরিবেশনার পর মঞ্চে ঝড় তোলেন সঞ্জয়। বলিউডের আবেদনময়ী নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি এবং ফরাসি হিপ-হপ তারকা ভেভেড্রিমের সঙ্গে সুরের মূর্ছনায় মেতে ওঠেন তিনি। তারা তিনজন মিলে গেয়ে শোনান ফিফার অফিসিয়াল গান ‘সির সির’। একই অনুষ্ঠানে আরও পারফর্ম করেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলিসিয়া কারা, জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানার মতো বিশ্বখ্যাত সব তারকা। গত ৮ জুন ফিফার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ‘সির সির’ গানটি ইতিমধ্যেই ঝড় তুলেছে।
পারফরম্যান্সের পাশাপাশি সঞ্জয় সবার নজর কেড়েছেন তাঁর পরনের বিশেষ জ্যাকেটটির জন্য। জ্যাকেটের ডান হাতের স্লিভে এম্ব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং সবুজের মাঝে লাল বৃত্তে অঙ্কিত জাতীয় পতাকা। পারফর্ম করার সময় সঞ্জয় বারবার নিজের হাতের সেই স্লিভের দিকে আঙুল উঁচিয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের এই গৌরবময় প্রতীকগুলো প্রদর্শন করছিলেন। বিশ্বমঞ্চে নিজের শেকড়কে তুলে ধরার এই অনন্য ও অভিনব কায়দা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা প্রশংসায় ভাসছে নেটদুনিয়ায়।
বিশ্বমঞ্চ কাঁপানো এই সঞ্জয়ের জন্ম বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শৈশবের একটি বড় অংশ কেটেছে চট্টগ্রামে, এরপর পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বর্তমানে লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই শিল্পী বাংলা সংগীতের উপাদানকে ইলেকট্রনিক সাউন্ডের সাথে মিশিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব এক ধারা তৈরি করেছেন। গ্লোবাল প্ল্যাটফর্মে বিচরণ থাকলেও নিজের শেকড়ের প্রতি সঞ্জয়ের টান সবসময়ই প্রবল। উল্লেখ্য, শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর অফিসিয়াল থিম সং এও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। বলিউডের শ্রেয়া ঘোষালের মতো কিংবদন্তি শিল্পীর সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
বাংলাদেশের শ্রোতাদের কাছেও সঞ্জয় বেশ পরিচিত নাম। দেশের শীর্ষস্থানীয় তারকাদের সঙ্গে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। যার মধ্যে হাবিব ওয়াহিদ ও মুজার সঙ্গে তাঁর ‘একলা দুনিয়া’ ও তাহসান খান ও মুজার সঙ্গে করা ‘ভুলে যাব’ এবং জনপ্রিয় গায়িকা জেফার রহমানের সঙ্গে সঞ্জয়ের ‘আড়ালে হারালে’ গানটি ইউটিউবে নেটিজনদের নজর কেড়েছে। বিশ্বমঞ্চে সঞ্জয়ের এই ঐতিহাসিক পারফরম্যান্স ফুটবল বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের নাম এক অনন্য উচ্চতায় নিয়ে গেল।

বিনোদন ডেস্ক