নতুন দিদি স্বস্তিকা
দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মুখ ছিলেন টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি। দর্শকদের কাছে অনুষ্ঠানটির সঙ্গে তার নাম প্রায় সমার্থক হয়ে উঠেছিল। তবে নতুন মৌসুমে আর দেখা যাবে না তাকে। রচনার জায়গায় শোটির সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন সিজনের প্রমো। সেখানে স্বস্তিকাকে নতুন ‘দিদি’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। শুধু সঞ্চালক নয়, অনুষ্ঠানটির ফরম্যাটেও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন।
এতদিন চারজন প্রতিযোগীকে নিয়ে খেলা পরিচালিত হলেও এবার একসঙ্গে অংশ নেবেন ১০ জন প্রতিযোগী। পাশাপাশি খেলার ধরনেও যুক্ত হচ্ছে নতুন কিছু পর্ব ও চমক। পরিবর্তন এসেছে সম্প্রচারের সময়েও। আগে বিকেলে প্রচারিত হলেও নতুন মৌসুমটি পশ্চিমবঙ্গের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচার হবে। আগামী ২৯ জুন থেকে শুরু হবে নতুন অধ্যায়।
শো থেকে সরে যাওয়ার বিষয়ে রচনা ব্যানার্জি বলেন, ‘আমার কাজের চাপ ছিল। তবে এটাও ঠিক, অনুষ্ঠানটিকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত চ্যানেলের। সেই সিদ্ধান্তের ওপর আমার কিছু বলার নেই।’
তবে নতুন সঞ্চালক ও চ্যানেলের সামনে বড় চ্যালেঞ্জ দেখছেন তিনি। রচনার ভাষায়, ‘ওদের প্রমাণ করে দেখাতে হবে, রচনা ব্যানার্জির বিকল্প কেউ হতে পারে। আমি সেটাই দেখার অপেক্ষায় আছি। এই শো আজ যে জায়গায় পৌঁছেছে, সেখানে আমারও অবদান রয়েছে।’
নতুন ‘দিদি’ হিসেবে স্বস্তিকা মুখার্জির আগমন এবং অনুষ্ঠানটির একাধিক পরিবর্তন দর্শকদের মধ্যে ইতোমধ্যেই কৌতূহল তৈরি করেছে। এখন দেখার বিষয়, নতুন রূপে ‘দিদি নাম্বার ওয়ান’ দর্শকদের কতটা মন জয় করতে পারে।

বিনোদন ডেস্ক