অবশেষে এ মাসে শুরু হচ্ছে অপু বিশ্বাসের ‘শিকার’
চলতি বছরের শুরুতে অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে ‘শিকার’ নামের একটি ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। যদিও গত মার্চে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পরিকল্পনা পিছিয়ে যায় বলে জানান নির্মাতা। অবশেষে সব প্রস্তুতি শেষ করে এ মাসেই শুরু হচ্ছে ‘শিকার’-এর শুটিং। তবে ওয়েব ফিল্ম নয়, এটি নির্মিত হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে, যা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
ওয়েব ফিল্মের পরিবর্তে সিনেমা নির্মাণের কারণ জানিয়ে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘প্রি-প্রোডাকশনের কাজ করতে গিয়ে বাজেট, গল্প ও অভিনয়শিল্পীসহ নানা বিষয় বিবেচনায় আমাদের মনে হলো এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হলে ভালো হবে। পরে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করে সবাই মিলে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিই।’
নির্মাতা জানান, ‘শিকার’ সিনেমার বেশিরভাগ দৃশ্যধারণ হবে নেপালে। শুটিংয়ের জন্য এ মাসের মাঝামাঝি সময়ে পুরো টিম নেপালের উদ্দেশে রওনা দেবে। ইতিমধ্যে সিনেমার একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। গানটি লিখেছেন কবির বকুল এবং সুর-সংগীত আয়োজন করেছেন ইমরান।
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ঘরানার সিনেমা ‘শিকার’। নির্মাতা জানান, এতে অপু বিশ্বাসকে দেখা যাবে গ্ল্যামারাস একটি চরিত্রে। পরিচালক বলেন, ‘গল্পই এই সিনেমার মূল আকর্ষণ। ইতোমধ্যে কলাকুশলীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। আশা করছি দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।’
এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার অভিনেতা মুরতজা পলাশকে। নাটকে তার অভিনয় দেখে মুগ্ধ হয়েই তাকে এই সিনেমায় নেওয়া হয়েছে বলে জানান নির্মাতা। শিকার সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

বিনোদন ডেস্ক