বিয়ে কি সেরেই ফেললেন টেইলর সুইফট? মুখ খুলছেন না তারকা জুটি
বিশ্বসংগীতের অন্যতম আলোচিত তারকা টেইলর সুইফটের বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে। মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে তাঁর বিয়ে হয়েছে—এমন দাবি প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে এখন পর্যন্ত এ বিষয়ে এই জুটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, একাধিক সূত্রের বরাতে জানা গেছে, টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। এরপর নিউইয়র্ক শহরে বড় পরিসরে উদ্যাপনের আয়োজন করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে তাঁদের প্রতিনিধিরা কোনো মন্তব্য করেননি।
বিয়ে ঘিরে নিউইয়র্কজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানস্থলের আশপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা, কিছু সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অতিথিদের মোবাইল ফোন ব্যবহারেও রাখা হয়েছে কড়াকড়ি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দাবি, অনুষ্ঠানে বিপুলসংখ্যক অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনবিষয়ক সাময়িকী ‘পিপল’ জানিয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু গুঞ্জনের সত্যতা নেই। বিশেষ করে অনুষ্ঠানস্থলে বিশাল দুর্গ নির্মাণের যে দাবি ছড়িয়েছে, তা সঠিক নয়। তবে আয়োজনটি বিশেষভাবে সাজানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ব্রিটিশ দৈনিক ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, পুরো আয়োজন গোপনীয়তার মধ্যেই সম্পন্ন করা হচ্ছে। এমনকি অনেক অতিথিকেও শেষ মুহূর্ত পর্যন্ত অনুষ্ঠানস্থল সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। গোপনীয়তা রক্ষায় বিশেষ চুক্তিতেও স্বাক্ষর করানো হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
দীর্ঘদিনের আলোচিত সম্পর্কের পর টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিভিন্ন দাবি প্রকাশিত হলেও এখন পর্যন্ত তাঁদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটাতে ভক্তরা অপেক্ষা করছেন এই তারকা জুটির আনুষ্ঠানিক বক্তব্যের।

বিনোদন ডেস্ক