‘কাজল চোখের মেয়ে’তে জোভান-তটিনী
আবারও জুটি বেঁধে পর্দায় আসছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জোভান ও তটিনী। জাকারিয়া সৌখিন নির্মিত নতুন নাটক ‘কাজল চোখের মেয়ে’তে দেখা যাবে তাদের। রোমান্টিক আবহে নির্মিত এ নাটকের গল্পে পারিবারিক আবেগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে তটিনী অভিনয় করেছেন কাজল এবং জোভান শুভ্র চরিত্রে।
একটি একান্নবর্তী পরিবারকে ঘিরে এগিয়েছে নাটকের গল্প। তবে এর মূল সুর প্রেমের, যেখানে পরিবারের সম্পর্ক ও আবেগ গল্পকে এগিয়ে নিয়ে যায়।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘অনেক চোখই সুন্দর। কিন্তু কিছু চোখ গল্প বলে। কাজল মেখে মায়া বাড়িয়ে কাছে টানে। আপাতত এটুকুই বলতে চাইছি।’
জোভান ও তটিনীকে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পটি ওদের দু’জনকেই সবচেয়ে বেশি মানিয়েছে বলেই নিয়েছি। তটিনীর চোখ সুন্দর, কাজল দিলে সেটি আরও বেশি ফুটে ওঠে। গল্পের জন্য সেটিই প্রয়োজন ছিল। আর এমন একটি মেয়ের প্রেমে পড়ার জন্য জোভানের মতো কাউকেই দরকার ছিল।’
তটিনীর ভাষ্য, ‘সৌখিন ভাইয়ের রোমান্টিক নাটকগুলো সবসময়ই সুন্দর হয়। এটিও তার ব্যতিক্রম নয়। আমরা খুব যত্ন নিয়ে কাজ করেছি। দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস।’
জোভান বলেন, ‘সৌখিন ভাই সবসময় খুব গুছিয়ে কাজ করেন। তাই তার নির্মাণ পর্দায় খুব পরিচ্ছন্ন লাগে। তার সঙ্গে আগেও অনেক কাজ করেছি। ‘কাজল চোখের মেয়ে’ আমাদের নতুন সংযোজন।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন স্নেহা, আনন্দ খালেদ ও মিলি বাশারসহ অনেকে।
নাটকে থাকছে দুটি গান। গান লিখেছেন সোমেশ্বর অলি, সুর করেছেন সাজিদ সরকার। রোমান্টিক গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুশা। আর বিষণ্ন আবহের গানে কণ্ঠ দিয়েছেন প্রিয়।
বর্তমানে ‘কাজল চোখের মেয়ে’ সম্পাদনার কাজ চলছে। শিগগিরই এটি ক্যাপিটাল ড্রামা চ্যানেলে মুক্তি পাবে।

বিনোদন ডেস্ক