বাংলাদেশের ‘দেলুপি’ সিনেমায় যুক্ত হলেন অনুরাগ কাশ্যপ
বাংলাদেশের স্বাধীন সিনেমা ‘দেলুপি’ এবার পেল আন্তর্জাতিক অঙ্গনে বড় এক স্বীকৃতি। ভারতীয় নির্মাতা অনুরাগ কাশ্যপ সিনেমাটির বৈশ্বিক পরিবেশনার দায়িত্ব নিয়েছেন। ফলে এখন থেকে এটি বিশ্বজুড়ে পরিচিত হবে ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’ নামে।
সোমবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ‘দেলুপি’র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে সিনেমাটির পরিবেশক হিসেবে যুক্ত হয়েছেন অনুরাগ কাশ্যপ। এর ফলে এখন থেকে ‘দেলুপি’র সব প্রচারণামূলক উপকরণে ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’ লেখা থাকবে।
একই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। প্রতিষ্ঠানটি এক পোস্টে লিখেছে, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনুরাগ কাশ্যপ ‘দেলুপি’তে অনবোর্ড হয়েছেন। এখন থেকে ‘দেলুপি’ বিশ্বজুড়ে পরিচিত হবে ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’ নামে।’
পোস্টে আরও বলা হয়, একটি স্বাধীন বাংলাদেশি সিনেমার পাশে অনুরাগ কাশ্যপের মতো একজন নির্মাতার দাঁড়ানো শুধু একটি স্বীকৃতিই নয়, ভবিষ্যৎ পথচলার জন্যও বড় অনুপ্রেরণা। একই সঙ্গে তাঁর প্রতি কৃতজ্ঞতা এবং দর্শকদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছে ‘দেলুপি’ টিম।
‘নো স্মোকিং’, ‘ব্ল্যাক ফ্রাইডে’ ও ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর মতো আলোচিত সিনেমার নির্মাতা অনুরাগ কাশ্যপ ভারতীয় সমান্তরাল ধারার অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাতা। তাঁর সম্পৃক্ততাকে বাংলাদেশের স্বাধীন সিনেমার জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
গত বছরের নভেম্বরে মুক্তি পায় ‘দেলুপি’। মোহাম্মদ তাওকীর ইসলামের পরিচালনায় নির্মিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে খুলনার একটি প্রত্যন্ত গ্রামকে ঘিরে। মুক্তির পর আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে প্রশংসা কুড়ানোর পাশাপাশি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় সিনেমাটি।
কয়েক দিন আগে জনপ্রিয় চলচ্চিত্রভিত্তিক প্ল্যাটফর্ম ‘লেটারবক্সড’-এ ‘দেলুপি’ নিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন অনুরাগ কাশ্যপ। সেখানে তিনি সিনেমাটির প্রশংসা করেন।
এ বিষয়ে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘কথা ছিল, তিনি রটারড্যামে গিয়েই সিনেমাটি দেখবেন। পরে কোনো কারণে তা আর হয়নি। এরপর আমি নিজেই তাঁকে ব্যক্তিগতভাবে সিনেমাটি পাঠাই। দেখার পর তিনি খুব প্রশংসা করেছেন।’
তিনি আরও জানান, অনুরাগ কাশ্যপের সঙ্গে তাঁদের সহযোগিতা শুধু ‘দেলুপি’তেই সীমাবদ্ধ থাকছে না। ভবিষ্যতে যৌথভাবে আরও কিছু কাজের পরিকল্পনা রয়েছে। তবে সেসব বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি এই নির্মাতা।

বিনোদন ডেস্ক