২ সন্তান নিয়ে হানিমুনে আমির-গৌরী
বিয়ের আনুষ্ঠানিকতার এক সপ্তাহ না পেরোতেই স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন বলিউড তারকা আমির খান। তবে এটি কেবল নবদম্পতির মধুচন্দ্রিমা নয়, সফরে তাদের সঙ্গে রয়েছে দুই সন্তানও।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মেলবোর্নে অবস্থান করছেন আমির ও গৌরী। তাদের সঙ্গে রয়েছেন আমির খানের ছেলে আজাদ রাও খান এবং গৌরী স্প্র্যাটের প্রথম পক্ষের ছেলে কুইন স্প্র্যাট।
জানা গেছে, মেলবোর্নে একটি ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার কথা রয়েছে আমিরের। উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলে পরিবারকে নিয়ে কয়েক দিন অবকাশযাপন করবেন তিনি। ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই সফরের অন্যতম উদ্দেশ্য নতুন পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা। বিশেষ করে আজাদ ও কুইনের মধ্যে বন্ধন গড়ে তুলতে সময় দিতে চান আমির ও গৌরী।
গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে আমিরের বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের পাশাপাশি আমিরের আগের দুই সংসারের সন্তানরাও উপস্থিত ছিলেন।
বিয়ের পর নতুন আবাসে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পালি হিলের বর্তমান বাড়ি ছেড়ে প্রায় ১০০ কোটি রুপি মূল্যের ‘মেরিনা’ আবাসনের তিনটি ফ্ল্যাটে উঠবেন তিনি। সেখানে আমির ও গৌরীর পাশাপাশি কাছাকাছি বসবাস করবেন কিরণ রাও ও ছেলে আজাদ, বড় ছেলে জুনায়েদ খান, বোন নিখাত খান এবং মা জিনাত হুসেন।
উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে সম্পর্কে ছিলেন আমির খান ও গৌরী স্প্র্যাট। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা জানান আমির। পরে চলতি বছরের ৫ জুলাই পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

বিনোদন ডেস্ক