‘১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি’
মিডিয়ায় কাজ করতে গিয়ে কখনো আপত্তিকর বা খারাপ প্রস্তাব পাননি বলে দাবি করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে ১৪ বছরের ক্যারিয়ার, ব্যক্তিগত সংগ্রাম এবং তাঁকে ঘিরে ছড়িয়ে পড়া নানা গুজবের জবাব দিয়েছেন তিনি।
ফারিয়া জানান, ২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু করেন। ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয় করলেও পরিবারের সিদ্ধান্তে স্নাতক শেষ না করা পর্যন্ত অভিনয় থেকে দূরে থাকতে হয় তাঁকে।
২০১৫ সালে স্নাতক সম্পন্ন করার পর ২০২০ সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেছেন বলে জানান এই অভিনেত্রী। এরপর করোনাভাইরাস মহামারি, একই বছরের নভেম্বরে বিবাহবিচ্ছেদ এবং পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম (পিসিওএস)-এর কারণে ওজন বেড়ে যাওয়ায় ধীরে ধীরে অভিনয় থেকে বিরতি নেন। পরে মাস্টার্স শেষ করে একটি চাকরিতেও যোগ দেন।
নিজের ক্যারিয়ার প্রসঙ্গে ফারিয়া লেখেন, “আমি অনেক বড় গলায় বলতে পারি, এই দীর্ঘ ১৪ বছরে কেউ কোনো দিন, সরাসরি কিংবা আকারে-ইঙ্গিতে, আমাকে কোনো খারাপ প্রস্তাব দেয়নি কিংবা দেওয়ার সাহস পায়নি। আমি বিশ্বাস করি, আমি কাকে আমার কাছে কতটুকু অ্যাক্সেস দেব, সে ঠিক ততটুকুই পৌঁছাতে পারবে।”
তিনি আরও দাবি করেন, মিডিয়ার অধিকাংশ মানুষ তাঁকে স্নেহ করেন। ২০১৯ সালে তাঁর বিয়ে ইন্ডাস্ট্রির জন্য এক ধরনের উৎসবে পরিণত হয়েছিল এবং সহকর্মীরা আনন্দের সঙ্গে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
নিজের ভাবমূর্তি প্রসঙ্গে ফারিয়া লেখেন, “মিডিয়াতে আমার বদনাম ছিল আমি রাগী। এর বাইরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা মানুষও আমাকে নিয়ে এ ধরনের কোনো ঘটনার কথা বলতে পারবে না। কেউ বানিয়ে বললেও তার প্রমাণ দিতে পারবে না।”
কাজের ধরন ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, তিনি সবসময় ‘ডিরেক্টরস আর্টিস্ট’ হিসেবে কাজ করেছেন। কাজের বিষয়ে কখনোই প্রযোজকের সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি; পরিচালকের প্রয়োজনেই সব যোগাযোগ হয়েছে।
একই স্ট্যাটাসে তিনি দাবি করেন, পরিচালক-প্রযোজকদের ব্যক্তিগত পার্টি নিয়ে সমাজে যে ধারণা প্রচলিত, বাস্তবে তার সঙ্গে মিল নেই। তাঁদের অধিকাংশই কাজ নিয়েই এত ব্যস্ত থাকেন যে এসব আয়োজনের সুযোগ খুব কমই থাকে।
গুজব ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে শবনম ফারিয়া বলেন, তাঁর বিরুদ্ধে কেউ মিথ্যা অভিযোগ তুললে তিনি স্ক্রিনশট বা কল রেকর্ড প্রকাশ করবেন। প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেবেন।
স্ট্যাটাসের শেষ দিকে সমালোচকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তাঁকে নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানোর আগে মিডিয়ায় কাজ করেন—এমন মানুষের কাছ থেকে তাঁর সম্পর্কে জেনে নেওয়া উচিত।

বিনোদন ডেস্ক