দর্শক টানছে ‘ভালোবাসার গল্প’
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন দর্শকের বড় একটি অংশ মাঠের খেলায় মগ্ন, তখনও ইউটিউবে দারুণ সাড়া ফেলেছে ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটক ‘ভালোবাসার গল্প’। বাস্তবধর্মী উপস্থাপনা, পারিবারিক আবেগ ও সম্পর্কের টানাপোড়েনের গল্প দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।
পারিবারিক আবহে নির্মিত নাটকটির গল্প আবর্তিত হয়েছে দুই বন্ধুকে ঘিরে। তাদের পারিবারিক সম্পর্ক, সন্তানদের বেড়ে ওঠা, সুখ-দুঃখ, খুনসুঁটি, ভালোবাসা এবং জীবনের নানা টানাপোড়েন তুলে ধরা হয়েছে নাটকটিতে।
মুক্তির মাত্র চার দিনেই নাটকটি ইউটিউবে ৯৬ লাখের বেশি ভিউ পেয়েছে। বর্তমান গতিধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই এটি এক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করবে বলে ধারণা করা হচ্ছে।
নাটকটি দেখে দর্শকেরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। রাফি ইসলাম নামে একজন লিখেছেন, ‘রিয়েল লাইফে সম্পর্কটা ওই না পাওয়া পর্যন্তই থাকে। বাকিটুক ওই নাটকেই সুন্দর।’
তাজুল ইসলাম রাব্বী মন্তব্য করেন, ‘কিছু মানুষ নিজের মানুষ হয়েও নিজের হয় না। আর কিছু সম্পর্কের নাম থাকে না, শুধু দায়িত্ব থাকে।’
অন্তর নামে একজন দর্শক লেখেন, ‘ইয়াশ রোহান ও তটিনীর অসাধারণ অভিনয়ে আবারও একটি সুন্দর নাটক দর্শকদের মুগ্ধ করেছে। অনেকদিন পর এমন হৃদয়ছোঁয়া গল্প, দারুণ অভিনয় আর চমৎকার উপস্থাপনা সত্যিই মন ছুঁয়ে গেছে।’
জুবায়ের ইসলাম লিখেছেন, ‘অনেকদিন পর ইয়াশ-তটিনী জুটিকে একসঙ্গে ফিরিয়ে এনে পর্দায় এমন গভীর অনুভূতির গল্প উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। চরিত্রের মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর এই জুটির অনস্ক্রিন কেমিস্ট্রিকে আবারও জোড়া লাগানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, অতিরঞ্জিত নাটকীয়তার পরিবর্তে সাধারণ মানুষের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। এ কারণে বিভিন্ন বয়সের দর্শক সহজেই গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাচ্ছেন।
রিংকুর ভাষায়, ‘শুধু নায়ক-নায়িকা নয়, তাদের কেন্দ্র করে অন্য চরিত্রগুলোর আবেগ, বাস্তবতা ও সীমাবদ্ধতাও তুলে ধরা হয়েছে। গল্পটি এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে ধীরে ধীরে জটিলতার দিকে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত দর্শককে ধরে রাখতে পারে। সত্যি বলতে, দারুণ সাড়াও পেয়েছি।’
নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার এস কে শাহেদ আলী পাপ্পু বলেন, ‘খেলার মৌসুমে প্রায় দেড় ঘণ্টার একটি নাটক দর্শকমহলে আগ্রহ তৈরি করেছে। দর্শকদের ইতিবাচক সাড়া আমাদের আরও অনুপ্রাণিত করেছে।’
ইমরাউল রাফাত ও অভ্র মাহমুদের চিত্রনাট্যে নির্মিত ‘ভালোবাসার গল্প’ নাটকে ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দীপা খন্দকার, মিলি বাশারসহ আরও অনেকে।
নাটকটিতে রবিউল ইসলাম জীবনের কথায় ‘তোমার হতে চাই’ শিরোনামের একটি গান ব্যবহার করা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও সজীব দাস।

বিনোদন ডেস্ক