দেশের সিনেমা হলে ফের মুক্তি পাচ্ছে হিন্দি সিনেমা?
দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের প্রেক্ষাগৃহে আলোচিত ভারতীয় সিনেমা মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সাফটা চুক্তির আওতায় ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ এবং কন্নড় তারকা ইয়াশের বহুল প্রতীক্ষিত ‘টক্সিক’ দেশে আনার প্রক্রিয়া শুরু করেছেন আমদানিকারকরা।
জানা গেছে, ‘আওয়ারাপান ২’ আমদানি ও প্রদর্শনের অনুমতি চেয়ে ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। একই সঙ্গে ‘টক্সিক’ সিনেমার জন্যও শিগগিরই আবেদন করা হবে।
সিনেমা দুটি বাংলাদেশে আমদানির উদ্যোগ নিয়েছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। মঙ্গলবার (১৪ জুলাই) প্রতিষ্ঠানটি সাফটা চুক্তির আওতায় ‘আওয়ারাপান ২’ আমদানির অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে আবেদন জমা দেয়।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৪ আগস্ট দেশটিতে মুক্তি পাবে ‘আওয়ারাপান ২’। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমদানিকারকদের।
অন্যদিকে, মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করা ইয়াশ অভিনীত ‘টক্সিক’ও বাংলাদেশে মুক্তির প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনীয় অনুমোদনের জন্য খুব শিগগিরই মন্ত্রণালয়ে আবেদন করা হবে।
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলেন, “‘আওয়ারাপান ২’-এর আবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। ‘টক্সিক’-এর আবেদনও দ্রুত করা হবে। ভবিষ্যতে শাহরুখ খানের ‘কিং’ সিনেমাটিও বাংলাদেশে আনতে চাই। সব নিয়ম মেনেই আমরা কাজ করছি। অনুমতি পেলে মুক্তিতে কোনো সমস্যা হবে না।”
এর আগে একই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’, সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’, রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ এবং ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এর মধ্যে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দর্শকদের ভালো সাড়া পেলেও অন্য কয়েকটি সিনেমা প্রত্যাশিত সাফল্য পায়নি।
সাফটা চুক্তির শর্ত অনুযায়ী ভারতীয় সিনেমা আমদানির পাশাপাশি বাংলাদেশি সিনেমাও ভারতে রপ্তানির সুযোগ রয়েছে। এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, “কয়েকটি বাংলাদেশি সিনেমা আগেই ভারতে পাঠানো হয়েছে। কোন ছবিগুলো মুক্তি পাবে, সেটি যাচাই-বাছাই শেষে জানানো হবে।”
দেশীয় চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, ঈদকেন্দ্রিক সময় ছাড়া বছরের বাকি সময়ে নতুন বাংলা সিনেমার সংকটে অনেক প্রেক্ষাগৃহ দর্শক টানতে হিমশিম খায়। সে কারণে মানসম্মত বিদেশি সিনেমা আমদানির দাবি দীর্ঘদিনের। এখন মন্ত্রণালয়ের অনুমোদন মিললে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’ দিয়ে সেই ধারায় নতুন গতি আসতে পারে।

বিনোদন ডেস্ক