ফের বাবা হলেন কাঞ্চন
টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের পরিবারে এলো নতুন অতিথি। কন্যা কৃষভির জন্মের ১৯ মাসের মাথায় এবার পুত্রসন্তানের মা হয়েছেন শ্রীময়ী। শনিবার (২৫ জুলাই) নতুন এই সদস্যের আগমনে আনন্দে ভাসছে মল্লিক-চট্টরাজ পরিবার।
বোন কৃষভির নামের সঙ্গে ছন্দ মিলিয়ে সদ্যোজাত ছেলের নাম রাখা হয়েছে ‘কৃষিভ’। নতুন অতিথিকে ঘিরে পরিবারে এখন উৎসবের আমেজ।
২০২৪ সালের শুরুর দিকে আইনি ও সামাজিক আনুষ্ঠানিকতায় বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। দুজনের বয়সের ব্যবধান প্রায় ২৭ বছর হওয়ায় সম্পর্কের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা, সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাদের। তবে সেসব উপেক্ষা করে একে অপরের পাশে থেকেছেন কাঞ্চন ও শ্রীময়ী।
বিয়ের পর ২০২৪ সালের নভেম্বর মাসে তাদের প্রথম সন্তান হিসেবে কন্যা কৃষভির জন্ম হয়। মেয়েকে ঘিরেই আনন্দে কাটছিল তাদের দিনগুলো। এর মধ্যেই এক বছরের বেশি সময় না পেরোতেই এলো দ্বিতীয় সন্তানের সুখবর। এবার ছোট্ট কৃষভির সঙ্গী হলো তার ছোট ভাই কৃষিভ।
শ্রীময়ীর এটি দ্বিতীয় সন্তান হলেও কাঞ্চন মল্লিকের তৃতীয় সন্তান কৃষিভ। নবজাতকের জন্মের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন কাঞ্চন-শ্রীময়ী। অনুরাগী, শুভাকাঙ্ক্ষী ও টলিউডের সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিনন্দন জানাচ্ছেন। পাশাপাশি নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন সবাই।

বিনোদন ডেস্ক