আসামে বন্যাদুর্গতদের পাশে সালমান খান
ভারতের আসামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লাখো মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। অভিনেতার সরাসরি নির্দেশে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং আসামে অবস্থিত সালমান খান ফ্যান ক্লাবের সদস্যরা বন্যাদুর্গতদের মাঝে ধাপে ধাপে ত্রাণ কার্যক্রম শুরু করেছেন তিনি।
প্রথম পর্যায়ে বন্যাকবলিত মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হচ্ছে। পরবর্তী ধাপে প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে অনুসারে, অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ত্রাণ কার্যক্রমটি অত্যন্ত পরিকল্পিতভাবে কয়েকটি ধাপে পরিচালিত হবে। ইতোমধ্যে প্রথম ধাপে বন্যাকবলিত এলাকায় প্রস্তুত খাবারের প্যাকেট এবং অন্যান্য জরুরি সামগ্রী বিতরণ শুরু হয়েছে।
আগামী কয়েক সপ্তাহে এই কার্যক্রমের আওতায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ, স্যানিটারি ন্যাপকিন ও মশা প্রতিরোধক স্প্রে বিতরণ করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্কুল ও হাসপাতাল পুনর্গঠনের উদ্যোগও নেওয়া হবে বলে জানা গেছে।
আসামের বন্যা পরিস্থিতি নিয়ে অভিনেত্রী অভিনেত্রী ভূমি পেডনেকর ও অভিনেতা আদিল হুসেইনের মতো অনেক তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা তৈরির চেষ্টা করছেন। তবে মাঠপর্যায়ে সরাসরি ত্রাণ কার্যক্রম শুরু করা বলিউড তারকাদের মধ্যে সালমান খান অন্যতম।
এদিকে আসামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় লাখো মানুষ বন্যার কবলে পড়েছেন। ৬০০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে।
কিন্তু গতকাল মঙ্গলবার স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির কিছুটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। বিভিন্ন জেলায় পানির স্তর কমতে শুরু করায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কমে ৪ লাখ ৪৫ হাজার ৪৯৫ জনে নেমে এসেছে। এর আগে রোববার এই সংখ্যা ৫ লাখেরও বেশি ছিল।

বিনোদন ডেস্ক