অভিনেত্রী রিনা রহমান আর নেই
ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব। সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিনা রহমানের একটি ছবি প্রকাশ করে তিনি তাঁর মৃত্যুর খবর জানান।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তার মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। সংগঠনটির পক্ষ থেকে প্রয়াত এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও অভিনয় চালিয়ে গেলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তিনি নিয়মিত কাজ করতে পারছিলেন না। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’য় অভিনয় করছিলেন।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে টেলিভিশন নাটক, সিনেমা ও মঞ্চে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন রিনা রহমান। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঘানি’ (২০০৬), ‘ঠিকানা’ (১৯৯৪) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। তার আকস্মিক প্রয়াণে দেশের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিনোদন ডেস্ক