নোলানের ‘দ্য ওডিসি’র আয় ছাড়াল ১ বিলিয়ন ডলার
বক্স অফিসে আবারও ইতিহাস গড়লেন হলিউডের খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলান। মুক্তির মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলারের বেশি আয় করেছে। এর মধ্য দিয়ে ২০২৬ সালের পঞ্চম সিনেমা হিসেবে বিলিয়ন ডলারের ক্লাবে জায়গা করে নিল সিনেমাটি।
‘ডেডলাইন’-এর তথ্য অনুযায়ী, ‘দ্য ওডিসি’ উত্তর আমেরিকার বাজার থেকে এখন পর্যন্ত আয় করেছে ৪২ কোটি ৯৭ লাখ ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫৭ কোটি ৩ লাখ ডলার। সব মিলিয়ে সিনেমাটির বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ১০০ কোটি ডলারে।
হোমারের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত সিনেমাটিতে ট্রয় যুদ্ধের পর ইথাকার রাজা ওডিসিয়াসের দীর্ঘ ১০ বছরের ঘরে ফেরার যাত্রার গল্প তুলে ধরেছেন নোলান। ১৭ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাওয়া সিনেমাটিতে ওডিসিয়াসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন।
ম্যাট ডেমনের সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, লুপিতা নিয়ং’ও, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, জন বার্নথাল, মিয়া গোথ, এলিয়ট পেজ, বেনি সাফদি, হিমেশ প্যাটেল, সামান্থা মর্টন, কোরি হকিন্স, কসমো জার্ভিস ও জন লেগুইজামো।
মুক্তির প্রথম সপ্তাহ থেকেই বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে ‘দ্য ওডিসি’। ‘ভ্যারাইটি’র তথ্য অনুযায়ী, ‘ব্যাটম্যান’ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো বাদ দিলে এটি নোলানের ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী আয় করা সিনেমা। মুক্তির তৃতীয় সপ্তাহান্তেও উত্তর আমেরিকার বাজারে সিনেমাটি নোলানের ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী বক্স অফিস পারফরম্যান্স দেখিয়েছে।
আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির সাফল্য অব্যাহত রয়েছে। সবচেয়ে বেশি আয় এসেছে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড থেকে—৭ কোটি ৫৩ লাখ ডলার। এরপর ফ্রান্সে ৫ কোটি ২৪ লাখ, ইতালিতে ৪ কোটি ৬৯ লাখ, জার্মানিতে ৩ কোটি ৫২ লাখ, অস্ট্রেলিয়ায় ২ কোটি ৯৮ লাখ, মেক্সিকোতে ২ কোটি ৮০ লাখ এবং স্পেনে ২ কোটি ৭৩ লাখ ডলার আয় করেছে সিনেমাটি।
ভারতের বাজার থেকেও ‘দ্য ওডিসি’ এখন পর্যন্ত আয় করেছে ১ কোটি ৯৬ লাখ ডলার।
২০২৬ সালে ১ বিলিয়ন ডলার বা তার বেশি আয় করা সিনেমার তালিকায় ‘দ্য ওডিসি’র আগে জায়গা করে নিয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘টয় স্টোরি ৫’, ‘মাইকেল’ এবং ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’।
নোলানের প্রযোজনা প্রতিষ্ঠান সিঙ্কোপি ইনক. প্রযোজিত ‘দ্য ওডিসি’র পরিবেশনার দায়িত্বে রয়েছে ইউনিভার্সাল পিকচার্স। মুক্তির আগে থেকেই সিনেমাটি ছিল আলোচনার কেন্দ্রে। হোমারের মহাকাব্য, নোলানের নিজস্ব নির্মাণশৈলী এবং ম্যাট ডেমনসহ তারকাবহুল অভিনয়শিল্পী—সব মিলিয়ে সিনেমাটি ঘিরে ছিল ব্যাপক আগ্রহ। মুক্তির পর সেই আগ্রহই এবার রূপ নিয়েছে বড় বক্স অফিস সাফল্যে।

বিনোদন ডেস্ক