দেশের সিনেমা হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
হলিউডের খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। ব্যতিক্রমী গল্প, বিশাল নির্মাণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে প্রতিবারই নতুন অভিজ্ঞতা উপহার দেন তিনি। সেই ধারাবাহিকতায় আজ (১৭ জুলাই) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’। একই দিনে বাংলাদেশের দর্শকরাও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করতে পারবেন।
প্রাচীন গ্রিক কবি হোমারের প্রায় তিন হাজার বছর আগের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছেন গ্রিক বীর ওডিসিউস। ট্রয় যুদ্ধ শেষে নিজ রাজ্য ইথাকায় ফেরার পথে শুরু হয় তাঁর দীর্ঘ সংগ্রাম। ভয়ংকর সমুদ্রযাত্রা, অচেনা দ্বীপ, পৌরাণিক প্রাণী, দেব-দেবীর অভিশাপ এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে প্রায় ২০ বছর পর ঘরে ফেরার কাহিনিই উঠে এসেছে এই সিনেমায়।
সিনেমাটিতে ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তাঁর স্ত্রী পেনেলোপের ভূমিকায় রয়েছেন অ্যান হ্যাথাওয়ে এবং ছেলে টেলিমাকাস চরিত্রে দেখা যাবে টম হল্যান্ডকে। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি ও জন বার্নথালসহ একঝাঁক তারকা।
‘দ্য ডার্ক নাইট’ ত্রয়ী, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ ও ‘ওপেনহাইমার’-এর পর এবারও নির্মাণের পরিসরে নতুন উচ্চতা ছুঁয়েছেন নোলান। মরক্কো, গ্রিস, ইতালি ও আইসল্যান্ডসহ বিভিন্ন দেশে হয়েছে সিনেমাটির শুটিং। যুদ্ধের দৃশ্য ও বিশাল সেট নির্মাণে নেওয়া হয়েছে দীর্ঘ প্রস্তুতি।
নিজের নতুন সিনেমা প্রসঙ্গে নোলান বলেন, ‘প্রতিটি ছবিরই নিজস্ব চ্যালেঞ্জ থাকে। কিন্তু এই ছবিতে প্রতিটি ধাপেই নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।’ তাঁর ভাষায়, ‘দ্য ওডিসি’ তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প।
টেলিমাকাস চরিত্রে অভিনয় করা টম হল্যান্ড বলেন, ‘মনে হচ্ছিল আমি যেন কোনো সিনেমার সেটে নয়, ইতিহাসের এক অধ্যায়ে দাঁড়িয়ে আছি।’
অন্যদিকে ম্যাট ডেমন জানান, ট্রয়ের পতনের দৃশ্য ধারণের জন্য যে বিশাল আয়োজন করা হয়েছিল, তা তাঁর দেখা অন্যতম বড় চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা।
প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ গুরুত্ব বহন করছে। এটি নোলানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। দর্শকদের আরও বাস্তব ও নিমগ্ন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই প্রযুক্তি ব্যবহার করেছেন তিনি।
বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘দ্য ওডিসি’র প্রদর্শনী শুরু হওয়ায় নোলানভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি হিসেবে ইতোমধ্যেই দর্শকদের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে এই চলচ্চিত্র।

বিনোদন ডেস্ক