‘শিল্প কোনো পাপ নয়’, হঠাৎ কেন এমন কথা বললেন প্রভা?
শোবিজে কাজ করা মানেই শুধু আলো, পরিচিতি কিংবা খ্যাতি নয়—এর সঙ্গে জড়িয়ে আছে মূল্যবোধ, সংস্কৃতিবোধ ও নিজের পরিচয়ের প্রতি সম্মান। আর শিল্পী পরিচয়কে ঘিরে এমনই কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে সংস্কৃতি অঙ্গনের মূল্যবোধের অবক্ষয় এবং শিল্পী পরিচয়ের প্রতি অসম্মানজনক মনোভাব নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
ফেসবুক স্ট্যাটাসে প্রভা লিখেছেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’
সংস্কৃতি অঙ্গনে যুক্ত হওয়ার ক্ষেত্রেও শিক্ষা ও মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’
তিনি বলেন, ‘আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’
সবশেষে শিল্পীর মর্যাদার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে প্রভা লেখেন,‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

বিনোদন ডেস্ক