বাদশাহর দ্বিতীয় বিয়ে টিকল মাত্র ৫ মাস!
ভারতীয় র্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা।
সোমবার (৩১ আগস্ট) নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের বিবৃতি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন বাদশাহ ও ইশা। বিবৃতিতে তারা জানান, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতেই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একই সঙ্গে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার আহ্বান জানিয়েছেন দুজন।
এ বিষয়ে আর কোনো ধরনের জল্পনা বা অনুমান না করার জন্যও সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। বিচ্ছেদের কারণ সম্পর্কে অবশ্য বিবৃতিতে কোনো বিস্তারিত তথ্য দেননি বাদশাহ বা ইশা।
বাদশাহ ও ইশার সম্পর্ক বরাবরই ছিল আড়ালে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে এক পার্টিতে পারস্পরিক বন্ধুদের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে এবং সম্পর্কে জড়ান তারা। প্রায় চার বছর নিজেদের সম্পর্কের কথা গোপনেই রেখেছিলেন এই জুটি।
২০২৬ সালের মার্চে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগত আয়োজনে বিয়ে করেন বাদশাহ ও ইশা। এটি ছিল বাদশাহর দ্বিতীয় বিয়ে। পরে ইশার মা পুনম রিখি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু ছবি প্রকাশ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। ছবিতে বাদশাহকে কুর্তা ও সাফায় এবং ইশাকে লাল বিয়ের পোশাকে দেখা যায়।
বিয়ের খবর প্রকাশের পরও দীর্ঘদিন এ বিষয়ে দুজনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জুলাইয়ে ইনস্টাগ্রামের ‘আস্ক মি এনিথিং’ পর্বে ইশা রিখি তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাদশাহর সঙ্গে একটি ছবিও প্রকাশ করেন তিনি।
এরপরই তাদের দাম্পত্য জীবন নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। ইশার একটি রহস্যময় ভিডিও পোস্ট সেই জল্পনাকে আরও বাড়িয়ে দেয়। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘প্রতিটি ঝড় একটি শিক্ষা। প্রতিটি প্রার্থনা একটি আশা।’ একই সময়ে ইশার মায়ের কয়েকটি রহস্যময় পোস্টও আলোচনায় আসে।
তবে শেষ পর্যন্ত তাদের সম্পর্ক ভাঙার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার সময়ও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি দুজন। শুধু জানিয়েছেন, পারস্পরিক সম্মানের সঙ্গে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একই সঙ্গে বিচ্ছেদ নিয়ে এটিই তাদের একমাত্র বক্তব্য বলেও স্পষ্ট করেছেন।
এর আগে জ্যাসমিন মাসিহকে বিয়ে করেছিলেন বাদশাহ। ২০১২ সালে সেটিই ছিল তার প্রথম বিয়ে।২০২০ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। সাবেক এই দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে, যাকে তারা যৌথভাবে বড় করছেন।
অর্থাৎ, ইশা রিখি ছিলেন বাদশাহর দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই বিচ্ছেদের ঘোষণা আসায় তার ব্যক্তিজীবন আবারও আলোচনায় উঠে এসেছে।

বিনোদন ডেস্ক