‘ক্রাইম পেট্রোলে’র প্রতি পর্বের জন্য ৮ কোটি টাকা নিচ্ছেন অজয়!
বলিউডের বড় পর্দায় দীর্ঘদিনের দাপটের পর এবার ছোট পর্দায় অভিষেক হয়েছে অজয় দেবগনের। জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন মৌসুমে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে এই বলিউড তারকাকে। আর অনুষ্ঠানটিতে যুক্ত হওয়ার পরই আলোচনায় এসেছে তাঁর পারিশ্রমিক।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন মৌসুমের জন্য অজয় দেবগন ১৫টি পর্বের চুক্তি করেছেন। পুরো মৌসুমের জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ৯০ কোটি ভারতীয় রুপি বলে দাবি করা হচ্ছে। অর্থাৎ প্রতি পর্বে গড়ে প্রায় ৬ কোটি রুপি করে পাচ্ছেন তিনি।
বর্তমান বিনিময় হার অনুযায়ী, ১ ভারতীয় রুপি প্রায় ১ টাকা ২৯ পয়সা বাংলাদেশি টাকার সমান। সেই হিসাবে অজয়ের প্রতি পর্বের ৬ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৭৫ লাখ টাকা। আর ১৫ পর্বের জন্য তাঁর মোট পারিশ্রমিক দাঁড়ায় প্রায় ১১৬ কোটি ২০ লাখ টাকা।
‘ক্রাইম পেট্রোল’-এর নতুন মৌসুমের নাম ‘ক্রাইম পেট্রোল, ক্রাইম কা কারেন্ট সিজন’। ৩১ আগস্ট থেকে সনি টিভিতে শুরু হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্ব। পাশাপাশি সনি লিভেও এটি দেখা যাচ্ছে। অজয়ের টেলিভিশন অভিষেক ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
তবে অজয়ের পারিশ্রমিকের এই অঙ্ক এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি অভিনেতা বা সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ। ফলে ৯০ কোটি রুপির পুরো মৌসুমের পারিশ্রমিক এবং প্রতি পর্বে ৬ কোটি রুপি পাওয়ার তথ্যটি আপাতত প্রতিবেদন ও সূত্রনির্ভর দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।
এই পারিশ্রমিক সত্যি হলে অজয় দেবগন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া টেলিভিশন সঞ্চালকদের তালিকায় শীর্ষস্থানীয়দের একজন হয়ে যাবেন। যদিও এই তালিকায় এখনো সালমান খান এগিয়ে রয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিনোদন ডেস্ক