প্রথম দিনেই প্রায় ১০০ কোটি, বক্স অফিসে ঝড় তুলল ‘দৃশ্যম ৩’
প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে অজয় দেবগনের ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং পেয়েছে সিনেমাটি। গতকাল শুক্রবার (২ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পাচ্ছে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। এর প্রভাব দেখা গেছে বক্স অফিসেও। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করেছে সিনেমাটি।
‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল ২৭ সেপ্টেম্বর, অর্থাৎ মুক্তির পাঁচ দিন আগে। মুক্তির আগেই অগ্রিম বুকিং থেকে ৫০ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। এর ফলে হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনের অগ্রিম বুকিংয়ের হিসাবে চতুর্থ সর্বোচ্চ অবস্থান তৈরি করে ‘দৃশ্যম ৩’।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যমতে, প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই ভারতের বাজারে সিনেমাটি নিট ৬৬.৭৫ কোটি রুপি আয় করেছে। ভারতে এর গ্রস আয় দাঁড়িয়েছে ৮০.১০ কোটি রুপি এবং দেশের বাইরের বাজার থেকে এসেছে আরও ১৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনেই সিনেমাটির বিশ্বব্যাপী মোট গ্রস সংগ্রহ গিয়ে ঠেকেছে ৯৫.১০ কোটি রুপিতে, যা এক কথায় অভাবনীয়। এই আয়ের মাধ্যমে নিজের তৈরি আগের সব রেকর্ড ভেঙে তছনছ করে দিয়েছে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি।
‘দৃশ্যম ৩’-এর দুর্দান্ত সূচনা বেশ কয়েকটি আলোচিত প্যান-ইন্ডিয়া সিনেমার প্রথম দিনের আয়কে ছাড়িয়ে গেছে। প্রথম দিনে ৯৫ কোটি রুপি আয় করে সিনেমাটি পেছনে ফেলেছে রজনীকান্তের ‘জেলার’ (৯১ কোটি), রাম চরণের ‘পেড্ডি’ (৯৪ কোটি), সালমান খানের ‘টাইগার ৩’ (৯৩ কোটি) এবং ঋষভ শেঠির ‘কান্তারা চ্যাপ্টার ১’ (৮৮ কোটি)।
অভিষেক পাঠকের পরিচালনায় সিনেমাটিতে আবারও বিজয় সালগাঁওকরের চরিত্রে ফিরেছেন অজয় দেবগন। তার সঙ্গে রয়েছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত ও মৃণাল যাদব। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন জয়দীপ আহলাওয়াত, প্রকাশ রাজ ও সৌরভ শুক্লা। প্রথম দিনের এই সাফল্যের পর এখন দেখার বিষয়, সপ্তাহজুড়ে আয়ের এই গতি ধরে রাখতে পারে কি না ‘দৃশ্যম ৩’।

বিনোদন ডেস্ক