‘আমি নাকি মারা গেছি’, মৃত্যুর গুজবে ক্ষুব্ধ বিপ্লব চট্টোপাধ্যায়
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে টালিউডের বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব। অভিনেতার একটি ছবির নিচে ‘প্রয়াত’ লেখা দেখে মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবরটি। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। তবে বিষয়টি নজরে আসার পর খোদ অভিনেতাই জানালেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে পড়তে এখন আর বেশি সময় লাগে না। যাচাই-বাছাই ছাড়াই একটি পোস্ট মুহূর্তের মধ্যে পৌঁছে যায় হাজারো মানুষের কাছে। বিপ্লব চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও ঘটেছে তেমনই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার একটি ছবি পোস্ট করে তার নিচে ‘প্রয়াত’ লেখা হয়। পোস্টটি দেখে অনেকেই বিষয়টি সত্যি ভেবে শোক প্রকাশ করতে শুরু করেন।
পরে মঙ্গলবার সন্ধ্যায় ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্সের পক্ষ থেকে জানানো হয়, বিপ্লব চট্টোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁর মৃত্যুর খবরটি ভুয়া।
এরপর নিজেই একটি ভিডিও বার্তায় বিষয়টি পরিষ্কার করেন অভিনেতা। সেখানে তিনি বলেন, ‘একটা খবর ছড়িয়ে পড়েছে, আমি নাকি মারা গেছি। মারা তো যাবই। তবে ঈশ্বর যত দিন রেখেছেন, তত দিন থাকি। যে বা যিনি এই কাজ করেছেন, তিনি এটা বন্ধ করুন। চট করে সবাইকে মৃত বলে দেবেন না। শুধু আমার নয়, কারো সম্পর্কে এমনটা বলবেন না। বলার আগে একটু ভাববেন।’
মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে এমন গুজব ছড়ানোর ঘটনাকে ‘শিক্ষার অভাব’ বলেও মন্তব্য করেন বিপ্লব। তবে নিজের বক্তব্যের শেষদিকে বরাবরের মতোই রসিকতার ছলে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
অভিনেতা বলেন, ‘আমাকে অনেক বদমায়েশের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। অনেকেই আমাকে খারাপ লোক হিসেবে চেনে। তবে আমি রাজনৈতিক নেতাদের থেকে খারাপ নই।’
বিপ্লব চট্টোপাধ্যায়ের বক্তব্যের পর তাঁর অনুরাগীদের মধ্যে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে যাচাই না করে গুজব ছড়ানো নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

বিনোদন ডেস্ক