ওটিটির জনপ্রিয়তা এবার বক্স অফিসে, ৮০ কোটির দরজায় ‘মির্জাপুর’
ওটিটির পর এবার বড় পর্দাতেও নিজের দাপট দেখাচ্ছে ‘মির্জাপুর’। মুক্তির মাত্র দুই দিনেই বক্স অফিসে প্রায় ৫৮ কোটি রুপি তুলে নিয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল, দিব্যেন্দু ও রবি কিশান অভিনীত সিনেমাটি দ্বিতীয় দিনেই আয়ের গতি আরও বাড়িয়েছে।
৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মির্জাপুর: দ্য মুভি’। প্রথম দিনে ভারতে প্রায় ২৫ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করে সিনেমাটি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় প্রায় ৩২ কোটি রুপি। ফলে দুই দিনে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় প্রায় ৫৭ কোটি ৭৫ লাখ রুপি।
শুধু ভারতেই নয়, দেশের বাইরেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। দুই দিনে বিদেশের বাজার থেকে প্রায় ১০ কোটি ২৫ লাখ রুপি আয় এসেছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ৭৯ কোটি ৫৫ লাখ রুপি। অর্থাৎ মাত্র দুই দিনেই ৮০ কোটির দরজায় পৌঁছে গেছে ‘মির্জাপুর’।
বিশেষ করে দ্বিতীয় দিনের ব্যবসা সিনেমাটির জন্য আশার খবর। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় বেড়েছে প্রায় ২৪ শতাংশ। দর্শকের আগ্রহ যে মুক্তির পরও ধরে রাখা গেছে, এই আয়ই তার প্রমাণ।
‘মির্জাপুর’ সিরিজের জনপ্রিয় চরিত্র কালীন ভাইয়া, গুড্ডু পণ্ডিতসহ পরিচিত মুখগুলোকে বড় পর্দায় দেখতে শুরু থেকেই দর্শকের আগ্রহ ছিল। সিনেমাটি পরিচালনা করেছেন গুরমিত সিং।
দুই দিনের আয়েই ৫০ কোটির ঘর পার করে এখন ১০০ কোটির দিকে ছুটছে ‘মির্জাপুর: দ্য মুভি’। সপ্তাহান্তের পুরো হিসাব সামনে এলে সিনেমাটি কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়।

বিনোদন ডেস্ক