রাঙামাটির জাদুকরী মায়ায় ডুব দিলেন প্রভা
যান্ত্রিক ব্যস্ততা থেকে দূরে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে অবকাশ যাপন করছেন জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পাহাড়, হ্রদ আর মেঘের মিতালীতে ঘেরা এই জনপদে কাটিয়েছেন দারুণ কিছু মুহূর্ত। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রাঙামাটি ভ্রমণের বেশ কিছু ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
রাঙামাটির অপরূপ রূপের মুগ্ধতা প্রকাশ করে প্রভা ক্যাপশনে লিখেছেন, "পাহাড় আর হ্রদের কোলে, সাদা নৌকা, আমাদের মিষ্টি হাসি আর একটুখানি জাদুর ছোঁয়া-রাঙামাটি, তুমি অপরূপ ছিলে।"
দুপাশে সবুজ পাহাড় আর স্বচ্ছ জলের মায়াবী পরিবেশে নৌভ্রমণের পাশাপাশি স্থানীয় ঝরনার সুশীতল সৌন্দর্যও উপভোগ করেছেন তিনি। প্রকৃতির কোলঘেঁষা এমন নিসর্গ তাকে যে ভীষণভাবে মুগ্ধ করেছে, তার স্ট্যাটাস ও ছবিতেই তা স্পষ্ট ফুটে উঠেছে। সামাজিক মাধ্যমে তার এই ভ্রমণের ছবি প্রকাশ পাওয়ার পর থেকেই ভক্ত ও অনুসারীরা ইতিবাচক কমেন্ট ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।
সাদিয়া জাহান প্রভা বাংলাদেশের বিনোদন জগতের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ। ২০০৫ সাল থেকে তিনি শোবিজ অঙ্গনে মডেলিং ও অভিনয়ের মধ্য দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। রেদওয়ান রনি ও ইফতেখার আহমেদ ফাহমির পরিচালনায় নির্মিত ‘হাউস ফুল’ ধারাবাহিক নাটকটি সাদিয়া জাহান প্রভার ক্যারিয়ারের অন্যতম আলোচিত ও জনপ্রিয় একটি কাজ। অন্যদিকে, হাবিব শাকিলের পরিচালনায় এনটিভিতে প্রচারিত ‘পরের মেয়ে’ ধারাবাহিক নাটকে তার পরিপক্ব অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। পাশাপাশি, সাগর জাহানের পরিচালনায় জনপ্রিয় ‘সিকান্দার বক্স’ সিরিজের ‘সিকান্দার বক্স এখন বিরাট মডেল’ নাটকে তিনি তার সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন।
অসাধারণ অভিনয় শৈলী ও সাবলীল উপস্থিতির কারণে অল্প সময়ের মধ্যেই তিনি টেলিভিশন নাটকে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য দর্শকপ্রিয় খণ্ড নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকে অভিনয় করে নিজের বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই তারকা প্রায়শই তার দৈনন্দিন জীবন, কাজ ও ভ্রমণের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন।

ফিচার ডেস্ক