রাজ-সিমরানের নস্টালজিয়া, ‘মিশন ডিডিএলজে’র ট্রেলারে
মুক্তির আগে আলোচনায় এসেছে ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার। প্রায় দুই মিনিটের ট্রেলারে উঠে এসেছে নব্বই দশকের বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র (ডিডিএলজে) নস্টালজিক আবহ।
ওয়েব ফিল্মটির নতুন জুটি সাদ নাওভী ও লাবণ্য চৌধুরীর বিভিন্ন দৃশ্য ও সংলাপে এসেছে শাহরুখ খান ও কাজল অভিনীত ‘ডিডিএলজে’র রাজ-সিমরানের প্রসঙ্গ। এমনকি সিনেমাটিতে রাজ যেভাবে সিমরানকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, ট্রেলারেও সেই ঘটনার ইঙ্গিত রাখা হয়েছে।
ট্রেলারের বিভিন্ন দৃশ্যে দেখা গেছে নব্বই দশকের প্রেমের সরলতা ও আবেগ। সেই সময়ের রোমান্টিক আবহকে বর্তমান সময়ের গল্পের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে ওয়েব ফিল্মটি। সাদ নাওভী ও লাবণ্য চৌধুরীর রসায়নও ট্রেলারে নজর কেড়েছে।
‘মিশন ডিডিএলজে’ পরিচালনা করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। নির্মাতা জানিয়েছেন, ওয়েব ফিল্মটির নামের মধ্যেই রয়েছে একটি ‘হিডেন স্টোরি’। তবে নামটির সঙ্গে গল্পের সম্পর্ক কী, সেটি এখনই প্রকাশ করতে চাননি তিনি। পুরো বিষয়টি জানতে দর্শকদের ওয়েব ফিল্মটি দেখতে হবে বলে জানান নির্মাতা।
আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, ‘এটি মূলত একটি রোম্যান্টিক কমেডি ঘরানার গল্প। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমের আবহকে বর্তমান সময়ের দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি। নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য দারুণ অভিনয় করেছেন। তাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি গল্পটিও দর্শকদের অন্যরকম আনন্দ দেবে।’
ওয়েব ফিল্মটির এক্সিকিউটিভ প্রযোজক আশেক হোসেন তন্ময় জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’।

বিনোদন ডেস্ক