‘মিশন ডিডিএলজে’র প্রথম গান ঘিরে বাড়ছে আগ্রহ
নব্বইয়ের দশকের প্রেম, সেই সময়ের রোমান্টিক আবহ আর বর্তমান সময়ের গল্প—সব মিলিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’। মুক্তির আগে এবার প্রকাশ পেয়েছে এর রোম্যান্টিক গান ‘কাহিনি এখনো বাকি’। গান প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ওয়েব ফিল্মটি নিয়ে আগ্রহ বাড়ছে।
‘কাহিনি এখনো বাকি’ গানটিতে নাওভী ও লাবণ্যের মিষ্টি রসায়ন নজর কেড়েছে। গানটি শুনলে ফিরে আসার অনুভূতি তৈরি হয় নব্বইয়ের দশকের চেনা প্রেমের আবহে। বিশেষ করে বলিউডের জনপ্রিয় ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ গানের সুরের হালকা ছোঁয়া গানটিতে যোগ করেছে বাড়তি নস্টালজিয়া।
পুরোনো দিনের ক্লাসিক রোমান্সের সেই আবহকে আধুনিক সংগীতের সঙ্গে মিশিয়েছেন গীতিকার ও সুরকার সৈয়দ নাফিস। গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সৈয়দ নাফিস ও মৌমিতা বড়ুয়া। মিউজিক ভিডিওতে আরমান বিন মাহমুদের উপস্থিতিও গল্পের আবহকে আরও জমিয়ে তুলেছে।
গানটির দৃশ্যায়নেও রাখা হয়েছে রোম্যান্টিক আবহ। দৃষ্টিনন্দন লোকেশন, সফট কালার টোন আর সাবলীল উপস্থাপনায় নাওভী ও লাবণ্যের রসায়ন পেয়েছে ভিন্ন মাত্রা। ফলে গানটি শুধু শোনার জন্য নয়, দেখার দিক থেকেও দর্শকদের আকর্ষণ করছে।
‘মিশন ডিডিএলজে’ নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। ওয়েব ফিল্মটির নামের মধ্যেই রয়েছে একটি ‘হিডেন স্টোরি’। গল্পের সঙ্গে এই নামের যোগসূত্র কী, সেটি অবশ্য এখনই প্রকাশ করতে চাইছেন না নির্মাতা। পুরো বিষয়টি জানতে দর্শকদের দেখতে হবে ওয়েব ফিল্মটি।
নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, ‘এটি মূলত একটি রোম্যান্টিক কমেডি ঘরানার গল্প। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমের আবহকে বর্তমান সময়ের দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি। নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য দারুণ অভিনয় করেছেন। তাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি গল্পটিও দর্শকদের অন্যরকম আনন্দ দেবে।’
ওয়েব ফিল্মটির এক্সিকিউটিভ প্রডিউসার আশেক হোসেন তন্ময় জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’।

বিনোদন ডেস্ক